রাজনীতি

২১ জুলাইয়ের আগের রাতে উত্তেজনা, সভাস্থলে ভাঙচুরের অভিযোগ; বিজেপিকে নিশানা মমতার, নিরাপত্তা চাইল তৃণমূল

২১ জুলাইয়ের শহিদ সমাবেশের প্রস্তুতির মধ্যেই কলকাতার বিড়লা তারামণ্ডল চত্বরে উত্তেজনা ছড়াল। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, সভাস্থলে লাগানো একাধিক ব্যানার, পোস্টার ও মঞ্চের সরঞ্জামে ভাঙচুর চালানো হয়েছে। আদালতের নির্দেশ মেনেই প্রস্তুতি চলছিল বলে দাবি দলের। ঘটনার খবর পেয়ে রাতেই সভাস্থলে পৌঁছে যান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও দোলা সেন।

সভাস্থল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, শহিদ পরিবারগুলিকে বাধা দেওয়া হচ্ছে এবং রাজনৈতিক উদ্দেশ্যেই সমাবেশ ভেস্তে দেওয়ার চেষ্টা চলছে। নাম না করেই তিনি বর্তমান রাজ্য সরকারের ঘনিষ্ঠ এক ব্যক্তিকে “ক্রিমিনাল” আখ্যা দিয়ে দাবি করেন, তাঁর নেতৃত্বেই এই হামলা হয়েছে। পাশাপাশি অভিযোগ করেন, তাঁকেও কার্যত নজরবন্দি করে রাখা হয়েছে এবং ২১ জুলাইয়ের সভা ঘিরে প্রশাসনের ভূমিকা পক্ষপাতদুষ্ট।

বিজেপিকে সরাসরি নিশানা করে মমতা বলেন, গত দু’মাসে গোটা বাংলার পরিস্থিতি বদলে দেওয়া হয়েছে। তাঁর হুঁশিয়ারি, ২১ জুলাইয়ের পর থেকে প্রতিদিন রাস্তায় নেমে আন্দোলন করবে তৃণমূল। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও কটাক্ষ করে তিনি প্রশ্ন তোলেন, “এই বদলই কি দেশের মানুষ চেয়েছিল?”

এদিকে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় কলকাতা পুলিশের কমিশনারকে ট্যাগ করে নিরাপত্তার দাবি জানান। তাঁর অভিযোগ, একদল রাজনৈতিক দুষ্কৃতী সভামঞ্চ, মাইকের লাইন ও অন্যান্য সামগ্রী নষ্ট করার চেষ্টা করেছে এবং কর্মীদের ভয় দেখিয়েছে। যদিও তৃণমূল কর্মীদের প্রতিরোধে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে দাবি তাঁর।

স্থানীয় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। তিনি অবিলম্বে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ও দায়িত্বশীল আধিকারিকের নেতৃত্বে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তবে এই অভিযোগগুলির বিষয়ে বিজেপি বা পুলিশের পক্ষ থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.