ব্যাঙ্কিং সেক্টরে অফিসার পদে চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তাঁদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ব্যাঙ্কের তরফে মোট ৩৯৫টি স্পেশ্যালিস্ট অফিসার (SO) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা ২১ জুলাই থেকে ১০ অগাস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের দেশের বিভিন্ন শাখায় পোস্টিং দেওয়া হতে পারে।
নিয়োগ হবে ম্যানেজার (১৬৩), সিনিয়র ম্যানেজার (১৫৩), চিফ ম্যানেজার (৫২), অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (২০) এবং ডেপুটি জেনারেল ম্যানেজার (৯) পদে। আবেদনকারীদের ন্যূনতম বয়স ২২ বছর হতে হবে। পদের ভিত্তিতে সর্বোচ্চ বয়সসীমা ৩০ থেকে ৫০ বছর নির্ধারণ করা হয়েছে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
MMGS-II ও MMGS-III স্তরের পদের জন্য অনলাইন পরীক্ষা, গ্রুপ ডিসকাশন, ব্যক্তিগত সাক্ষাৎকার, নথি যাচাই ও মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। অন্যদিকে SMGS-IV থেকে TEGS-VI স্তরের পদে গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউয়ের ভিত্তিতে নিয়োগ হবে।
বেতনের ক্ষেত্রেও রয়েছে আকর্ষণীয় সুযোগ। ম্যানেজার পদে মাসিক বেতন প্রায় ৬৮ হাজার টাকা থেকে শুরু, আর ডেপুটি জেনারেল ম্যানেজার পদে বেতন ১.৫৬ লক্ষ টাকারও বেশি। বার্ষিক সর্বোচ্চ প্যাকেজ প্রায় ৪৭ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। বিস্তারিত তথ্য ইউনিয়ন ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।







