রোজকার একই ধরনের রান্নায় যদি একঘেয়েমি এসে যায়, তবে মেনুতে যোগ করতে পারেন দই পটল। কম মশলায়, অল্প সময়েই তৈরি হওয়া এই ঐতিহ্যবাহী বাঙালি পদ গরমের দিনে যেমন স্বাদ বাড়ায়, তেমনই হজমের জন্যও তুলনামূলকভাবে হালকা। টক-মিষ্টি স্বাদের দইয়ের সঙ্গে নরম পটলের মেলবন্ধন দুপুরের ভাতকে করে তোলে আরও জমজমাট।
উপকরণ:
পটল ১০-১২টি, টক দই ১ কাপ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, আদা-রসুন বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়ো, লঙ্কাগুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, তেজপাতা, গোটা জিরে, চিনি, লবণ, সর্ষের তেল।
প্রণালী:
প্রথমে পটলের খোসা হালকা ছাড়িয়ে ধুয়ে নিন। সামান্য হলুদ ও লবণ মাখিয়ে সর্ষের তেলে হালকা ভেজে তুলে রাখুন। এবার একই কড়াইয়ে তেজপাতা ও গোটা জিরে ফোড়ন দিন। এরপর পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা দিয়ে ভালো করে কষে নিন। একে একে হলুদ, লঙ্কাগুঁড়ো, ধনে ও জিরে গুঁড়ো মিশিয়ে অল্প জল দিয়ে মশলা কষিয়ে নিন।
মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আঁচ কমিয়ে ভালোভাবে ফেটানো দই ধীরে ধীরে মিশিয়ে নাড়তে থাকুন, যাতে দই না কেটে যায়। এরপর ভাজা পটল দিয়ে প্রয়োজনমতো জল, লবণ ও সামান্য চিনি যোগ করে ঢেকে ৮-১০ মিনিট রান্না করুন। শেষে গরম মশলা ছড়িয়ে আরও এক মিনিট ফুটিয়ে নামিয়ে নিন।
গরম ভাত, পোলাও কিংবা রুটির সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু দই পটল। কম তেল ও কম ঝালে তৈরি এই পদ পরিবারের সকলেরই পছন্দ হবে।







