চার বছরের যুদ্ধবিরতির পর ফের অশান্ত ইয়েমেন। জুলাই থেকে নতুন করে শুরু হওয়া সংঘাত ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে। ইরান-সমর্থিত হাউথি এবং সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে বিভিন্ন এলাকায় চলছে তীব্র লড়াই।
তাইজ, মারিব, হোদেইদাহ এবং লোহিত সাগর সংলগ্ন এলাকায় সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। সরকারি বাহিনীর মূল লক্ষ্য রাজধানী সানা হাউথিদের দখলমুক্ত করা। পালটা হামলা চালিয়ে হাউথিরাও নিজেদের শক্তি প্রদর্শন করছে।
এর মধ্যেই সৌদি আরবের দক্ষিণাঞ্চলে হাউথিদের হামলায় ৭৩ জন সাধারণ নাগরিক আহত হয়েছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে আল-জাউফ অঞ্চলে সৌদি হামলার জবাব দেওয়ার দাবি করেছে হাউথিরা। আল-হাজম শহরের একটি কারাগারে বিমান হামলায় অন্তত সাতজনের মৃত্যুর খবরও সামনে এসেছে।
২০২২ সালে রাষ্ট্রসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পর বড় সংঘাত অনেকটাই থেমে ছিল। কিন্তু নতুন করে লড়াই শুরু হওয়ায় ইয়েমেনে ফের মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।
২০২৩ সালে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর ইজরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল হাউথিরা। বর্তমান পরিস্থিতিতে আঞ্চলিক উত্তেজনার সঙ্গে ইয়েমেনের অভ্যন্তরীণ সংঘাতও আরও জটিল হয়ে উঠছে।







