জেলা

মায়াপুর থেকে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত অন্তত ২৫

মায়াপুর মন্দির দর্শন শেষে বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হলেন অন্তত ২৫ জন। শুক্রবার নদিয়া জেলার কোতোয়ালি থানার অন্তর্গত দিকগনগর এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের উপর এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

জানা যায়, শুক্রবার হুগলি জেলার একাধিক পরিবারের সদস্যরা একটি পিকআপ ভ্যানে করে মায়াপুর মন্দির দর্শনে গিয়েছিলেন। দর্শন শেষে ফেরার সময় দিকগনগর এলাকায় জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে পিকআপ ভ্যানটি। সংঘর্ষের তীব্রতায় পিকআপ ভ্যানের সামনের অংশ সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার জেরে ভ্যানের ভিতরে থাকা যাত্রীরা ছিটকে পড়েন। অনেকেই রাস্তায় পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলে মুহূর্তের মধ্যেই চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান।

খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় আহতদের একে একে উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতদের জরুরি ভিত্তিতে চিকিৎসা শুরু করা হয়েছে এবং কয়েকজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এই দুর্ঘটনার জেরে ১২ নম্বর জাতীয় সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল সম্পূর্ণরূপে ব্যাহত হয়। পরে পুলিশ ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অতিরিক্ত গতি কিংবা চালকের অসতর্কতার কারণেই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। তবে ঘটনার সঠিক কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.