দেশ

নিট আন্দোলন মামলায় সুপ্রিম কোর্টের বড় নির্দেশ, ধৃত নাবালকদের মুক্তির আদেশ, সাত রাজ্যকে নোটিস

নিট-সংক্রান্ত ছাত্র আন্দোলনে ধৃত নাবালকদের অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে আন্দোলন ঘিরে পুলিশের ভূমিকা ও বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বিষয়ে পশ্চিমবঙ্গ-সহ সাতটি রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্টও তলব করেছে শীর্ষ আদালত।

মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি. মোহনার সমন্বয়ে গঠিত বেঞ্চে একাধিক আবেদনের শুনানির সময় আবেদনকারীদের পক্ষ থেকে দাবি করা হয়, দিল্লির পাশাপাশি মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার-সহ বিভিন্ন রাজ্যেও ছাত্র আন্দোলনের সময় পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ উঠেছে। সেই প্রেক্ষিতেই আদালত ধৃত নাবালকদের মুক্তির নির্দেশ দেয় এবং সংশ্লিষ্ট রাজ্যগুলিকে নোটিস পাঠানোর সিদ্ধান্ত নেয়।

আদালত আরও জানিয়ে দিয়েছে, দিল্লির যন্তর মন্তর-সহ বিভিন্ন রাজ্যে ছাত্র বিক্ষোভের ঘটনায় দায়ের হওয়া এফআইআরের ভিত্তিতে আপাতত কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। তবে যাঁদের বিরুদ্ধে আগে থেকেই গুরুতর অপরাধের রেকর্ড রয়েছে, তাঁদের ক্ষেত্রে এই সুরক্ষা প্রযোজ্য হবে না বলেও স্পষ্ট করেছে বেঞ্চ।

এছাড়াও বিক্ষোভ চলাকালীন পুলিশের লাঠিচার্জ ও ছাত্রদের উপর নির্যাতনের অভিযোগ খতিয়ে দেখতে একটি উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠনের ইঙ্গিত দিয়েছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে পুলিশ কর্মীদের উপর হামলার অভিযোগও তদন্তের আওতায় আনার কথা জানিয়েছে আদালত।

উল্লেখ্য, সোমবারের শুনানিতেই সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করেছিল যে, সংবিধান শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে প্রতিবাদ করার অধিকার নিশ্চিত করেছে। তাই শুধুমাত্র আন্দোলন হচ্ছে বলে পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করতে পারে না। সেই পর্যবেক্ষণের একদিন পরই আদালতের এই গুরুত্বপূর্ণ নির্দেশ সামনে এল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.