বিনোদন

পুজোয় ফেলুদার নতুন অভিযান, অবশেষে মুক্তি পাচ্ছে সৃজিতের ‘যত কাণ্ড কাঠমান্ডুতে’

ছয় বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আড্ডাটাইমসে মুক্তি পেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায়ের বহুল আলোচিত সিরিজ ‘যত কাণ্ড কাঠমান্ডুতে’। ফেলুদার চরিত্রে থাকছেন টোটা রায়চৌধুরী, সঙ্গে তোপসে কল্পন মিত্র এবং জটায়ুর ভূমিকায় অনির্বাণ চক্রবর্তী। রহস্যের সন্ধানে এবার দর্শকদের নিয়ে যাওয়া হবে সীমান্ত পেরিয়ে নেপালের রাজধানী কাঠমান্ডুর অজানা পথে।

এই সিরিজের শুটিং হয়েছিল বহু আগেই, প্রায় ছয় বছর আগে, ‘ছিন্নমস্তার অভিশাপ’-এর সময়। তবে নানা জটিলতায় এর মুক্তি আটকে যায়। ২০২০ সালে আড্ডাটাইমসে ‘ফেলুদা ফেরত’ দিয়েই শুরু হয় সৃজিতের ফেলুদা অভিযাত্রা। পরে আসে ‘ফেলুদার গোয়েন্দাগিরি’ ও ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’। কিন্তু ‘যত কাণ্ড কাঠমান্ডুতে’ থেকে যায় অদেখা। দর্শকরা প্রতীক্ষায় ছিলেন, অথচ দীর্ঘদিন ধরে আড্ডাটাইমস কিংবা সৃজিত মুখোপাধ্যায় কারও তরফে কোনও ঘোষণা আসেনি। এদিকে পরিচালক পরবর্তীতে অন্য ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে নতুন ফেলুদা সিরিজ ‘দার্জিলিং জমজমাট’ উপহার দেন, যা দর্শক মহলে সাড়া ফেলে।

অবশেষে শুক্রবার আনুষ্ঠানিক ঘোষণা করেন সৃজিত। অনুষ্ঠানে টোটা, অনির্বাণ ও কল্পনকে তাঁদের চরিত্রের সাজে হাজির হতে দেখা যায়। এক ভিডিও বার্তায় সৃজিত বলেন,”বহু রহস্যের জট তৈরি হল, আবার খুলেও গেল। এবার ফেলুদা পা রাখছে কাঠমান্ডুতে, রহস্য উন্মোচনে। এটি আমার শেষ ফেলুদা সিরিজ আড্ডাটাইমসে।” বইয়ের পাতার বাইরেও ফেলুদা সবসময়ই দর্শকের অন্যতম প্রিয় চরিত্র। রহস্য আর রোমাঞ্চের টানে আট থেকে আশি সব প্রজন্মই ফেলুদার ভক্ত। তাই পুজোয় ‘যত কাণ্ড কাঠমান্ডুতে’-র মুক্তি দর্শকদের জন্য এক বিশেষ উপহার হতে চলেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.