রাজনীতি

মহুয়ার কুকথায় তীব্র বিতর্ক, থানায় অভিযোগ বিজেপি কর্মীর

নিজস্ব সংবাদদাতা, নদিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লক্ষ্য করে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের কড়া মন্তব্য ঘিরে তীব্র রাজনৈতিক তরজা। কৃষ্ণনগরের সাংসদ প্রকাশ্যে বলেন, “প্রধানমন্ত্রীর উচিত অমিত শাহর মাথা কেটে টেবিলে পেশ করা।” এই মন্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে তৃণমূল সাংসদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

শুক্রবার কৃষ্ণনগর রবীন্দ্রভবনে রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত জমি পাট্টা বিলির অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহুয়া তোপ দাগেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুপ্রবেশ প্রসঙ্গে বক্তব্য টেনে এনে তিনি বলেন—
“বাংলাদেশিদের অনুপ্রবেশ ঠেকানোর দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রকের, আর তার প্রধান অমিত শাহ। তিনি ব্যর্থ। তাই প্রথমেই প্রধানমন্ত্রীর উচিত তাঁর মাথাটা কেটে টেবিলে রাখা।”

এর পাশাপাশি মহুয়া অভিযোগ তোলেন, বিজেপি মুসলিম তাড়িয়ে দেশকে “হিন্দু রাষ্ট্র” বানাতে চাইছে। সিএএ ও এনআরসি প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিজেপি ঘুরপথে সংখ্যালঘুদের নাগরিক অধিকার খর্ব করার চেষ্টা করছে।

তৃণমূল সাংসদের এই বিস্ফোরক মন্তব্যের পর বিজেপির তীব্র প্রতিক্রিয়া। কৃষ্ণনগরের বিজেপি কর্মী সন্দীপ মজুমদার ইতিমধ্যেই কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তাঁর অভিযোগ—মহুয়া মৈত্র ইচ্ছাকৃতভাবে উসকানিমূলক ভাষা ব্যবহার করেছেন।

পুলিশ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তবে ঘটনার জেরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.