জেলারাজনীতি

নন্দীগ্রামে ফের মমতা? শুভেন্দু থাকছেন না? বিজেপি নেতার ফেসবুক পোস্টে জল্পনার পারদ চড়ল, পাল্টা দাবি তৃণমূলের

নন্দীগ্রাম:২০২৬ সালের বিধানসভা ভোটের কাউন্টডাউন শুরু হতেই ফের সরগরম হয়ে উঠল নন্দীগ্রামের রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি আবারও নন্দীগ্রাম থেকেই প্রার্থী হচ্ছেন? বিজেপি নেতা প্রলয় পালের ফেসবুক পোস্ট ঘিরেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জেলাজুড়ে।

বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সহ-সভাপতি প্রলয় পাল ফেসবুকে দাবি করেছেন— “বিশেষ সূত্রে” তিনি জেনেছেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ২০২৬ বিধানসভায় ফের নন্দীগ্রাম থেকে লড়বেন। শুধু তাই নয়, তিনি আরও লিখেছেন, এবারও মমতা নাকি নন্দীগ্রামে হেরে “পর্যদুস্ত” হবেন।

তবে বিজেপির এই দাবির পাল্টা সুর তুলেছে তৃণমূল। নন্দীগ্রাম ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি বাপ্পাদিত্য গর্গের বক্তব্য, শুভেন্দু অধিকারী নিজেই আর নন্দীগ্রাম থেকে প্রার্থী হওয়ার অবস্থায় নেই। কারণ, তাঁর নিজের বুথ নন্দনায়কবার-এ সমবায় নির্বাচনে বিজেপি হেরেছে। এমনকি লোকসভা ভোটে ওই অঞ্চলে তৃণমূল লিড করেছে। পঞ্চায়েত সমিতি ও ব্লক ভোটেও তৃণমূলই এগিয়ে।

তৃণমূল নেতা কটাক্ষ করে বলেন, “শুভেন্দুর সহোদর যিনি সারাদিন মদ খেয়ে থাকেন তাঁকে প্রার্থী করবে বিজেপি? নাকি বাইরে থেকে কাউকে ভাড়া করে আনবে?”

রাজনীতির এই পাল্টাপাল্টি দাবিতেই এখন তীব্র জল্পনা নন্দীগ্রাম জুড়ে। ২০২১ সালের বিধানসভায় গোটা রাজ্যের নজর কেড়েছিল নন্দীগ্রাম— মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বনাম শুভেন্দু অধিকারীর হাইভোল্টেজ লড়াই। এবারও কি সেই ইতিহাস পুনরাবৃত্তি হতে চলেছে? নাকি সম্পূর্ণ নতুন সমীকরণ গড়ে উঠবে?

সব চোখ এখন নন্দীগ্রামের দিকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.