জেলা

পাঁচলায় গ্রেপ্তার পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে ‘ডিম বৃষ্টি’, দুর্নীতির অভিযোগে আদালতে তোলা হল উৎপল দলপতিকে

হাওড়ার পাঁচলা বিধানসভার গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতে চাঞ্চল্যকর ঘটনা। দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়া গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উৎপল দলপতিকে থানার বাইরে আনার সময় বিক্ষুব্ধ গ্রামবাসীদের তীব্র বিক্ষোভের মুখে পড়তে হয়। অভিযোগ, পুলিশি নিরাপত্তার মধ্যেই তাঁকে লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়েন ক্ষুব্ধ স্থানীয়রা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিগত সরকারের ‘পাড়ার সমাধান’ প্রকল্পে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে পঞ্চায়েত প্রধান উৎপল দলপতি এবং তাঁর কয়েকজন সহযোগীর বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে প্রকল্পের অর্থ বণ্টন ও কাজের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছিলেন গ্রামবাসীদের একাংশ। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পাঁচলা থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তের পর উৎপল দলপতিকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাঁকে পাঁচলা থানা থেকে বের করে হাওড়া আদালতে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, সরকারি প্রকল্পের নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং প্রকৃত উপভোক্তারা বঞ্চিত হয়েছেন। সেই ক্ষোভ থেকেই ডিম ছুড়ে প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ বাহিনী। নিরাপত্তার বলয়ে অভিযুক্তকে আদালতে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় নতুন করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। যদিও অভিযুক্ত পক্ষের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় নথি ও তথ্য সংগ্রহ করা হচ্ছে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া এগোবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.