জেলা

প্ল্যাটফর্মে না থেমেই চলে গেল ট্রেন, পরে চালকের কাণ্ডে অবাক কোন্নগরবাসী

বুধবার সন্ধ্যায় কোন্নগর স্টেশনে ঘটে গেল এক বিপজ্জনক ঘটনা। হাওড়া থেকে ছেড়ে আসা আপ গোঘাট লোকাল কোন্নগর স্টেশনে ঢুকলেও নির্ধারিত ৩ নম্বর প্ল্যাটফর্মে থামেনি ট্রেনটি। যাত্রীদের চমকে দিয়ে ট্রেনটি সোজা প্ল্যাটফর্ম পেরিয়ে এগিয়ে যায় কিছুটা দূর পর্যন্ত। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় গোটা স্টেশনে।

জানা গেছে, ট্রেন ঢোকার আগেই মাইকে ঘোষণা করা হয়েছিল এবং বহু যাত্রী ৩ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ধরার জন্য অপেক্ষায় ছিলেন। কেউ কেউ রেললাইন পেরিয়ে অন্য প্ল্যাটফর্মে যাচ্ছিলেন, যদিও সেখানে ওভারব্রিজ থাকলেও অনেক যাত্রী তাড়াহুড়োর কারণে নিয়ম ভেঙে লাইন পেরচ্ছিলেন। ভাগ্যক্রমে ঠিক সেই সময় কেউ রেললাইনে ছিলেন না, ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো যায়।

ট্রেন আচমকা না থামায় আতঙ্কিত কিছু যাত্রী চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টাও করেন। তবে তৎপরতা দেখায় স্টেশন কর্তৃপক্ষ। মাইকে ঘোষণা করে জানানো হয়, ট্রেনটিকে পিছিয়ে প্ল্যাটফর্মে আনা হবে। কিছু সময় পর ট্রেনটি পিছিয়ে এনে প্ল্যাটফর্মে থামানো হয়।

এই ঘটনা ঘিরে চূড়ান্ত ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। চালকের ঘরের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। শেষমেশ যাত্রীদের ওঠানামা সম্পূর্ণ হলে ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত স্টেশনে কেন ট্রেনটি না থেমে এগিয়ে গিয়েছিল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ঘটনা নিয়ে চালকের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.