বৃহস্পতিবার দিল্লিতে সংসদ ভবনের সামনে বুকে ‘২০ জন গদ্দার’ লেখা পোস্টার ঝুলিয়ে প্রতীকী প্রতিবাদে সামিল হন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একই দিনে কলকাতায় সাংবাদিক বৈঠক করে বিজেপি এবং লোকসভার স্পিকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তাঁর অভিযোগ, কেন্দ্রের শাসকদল বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে তৃণমূল কংগ্রেসকে ভাঙার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিদ্রোহী সাংসদদের বিরুদ্ধে অবিলম্বে দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা নিয়ে তাঁদের লোকসভার সদস্যপদ বাতিলের দাবিও তোলেন কুণাল। তাঁর দাবি, তৃণমূলের প্রতীকে নির্বাচিত ২৮ জন সাংসদের মধ্যে ২০ জন কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে এনসিপিআই (NCPI)-তে যোগ দিয়েছেন এবং এনডিএ (NDA) জোটের সঙ্গেও নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন। এই প্রসঙ্গে কুণাল বলেন, “তৃণমূলের টিকিটে জিতে সংসদে গিয়ে তাঁরা এখন এনসিপিআইতে নাম লিখিয়েছেন, আবার এনডিএ-র বৈঠকেও উপস্থিত থাকছেন। দিল্লিতে বসে বিজেপির পক্ষেই সওয়াল করছেন। কার্যত বিজেপিতে যোগ দেওয়ার অপেক্ষাতেই রয়েছেন। তাই দেরি না করে তাঁদের সাংসদ পদ বাতিল করা উচিত।”
লোকসভার স্পিকারের ভূমিকাও প্রশ্নের মুখে তোলেন কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, এত স্পষ্ট দলত্যাগের পরেও বিদ্রোহী সাংসদদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নেওয়া অত্যন্ত অনৈতিক। একই সঙ্গে সাসপেন্ড হওয়া কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সংসদের বাইরে প্রতীকী আন্দোলনের প্রশংসা করে তিনি বলেন, “কল্যাণদাকে অন্যায়ভাবে সাসপেন্ড করা হয়েছে। তিনি ন্যায্য কারণেই প্রতিবাদ করছেন।”
বিজেপিকে আক্রমণ করে কুণাল আরও বলেন, “দেশের মানুষের উন্নয়ন বা জনস্বার্থে কাজ করার বদলে বিরোধী দলগুলিকে ভাঙাই এখন বিজেপির একমাত্র রাজনৈতিক লক্ষ্য।”
উল্লেখ্য, মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় মন্ত্রীদের উপস্থিতিতে আয়োজিত এনডিএ সংসদীয় দলের ‘মঙ্গল মিলন’ বৈঠকে এই বিদ্রোহী সাংসদরাও অংশ নেন। সেই ঘটনাকে সামনে রেখেই ক্ষোভ প্রকাশ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, “প্রায় পাঁচ সপ্তাহ আগে দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা নেওয়ার দাবিতে স্পিকারের কাছে আবেদন জমা দিয়েছি। কিন্তু এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ হয়নি। বিজেপির আমলে এটাই যেন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে।”







