জেলা

১৩৫ কোটির গণ্ডি পেরোল টুলু মণ্ডল-কাণ্ড! আরও ৪২.৫ কোটি টাকা ফ্রিজ, তদন্তে নতুন চাঞ্চল্য

বীরভূমের কথিত ‘পাথর সম্রাট’ মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলকে ঘিরে তদন্তে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে। পুলিশ সূত্রের দাবি, এবার তাঁর একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা আরও ৪২ কোটি ৫০ লক্ষ টাকা ফ্রিজ করা হয়েছে। এর ফলে এখনও পর্যন্ত ফ্রিজ হওয়া অর্থের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৩৫ কোটি ৫০ লক্ষ টাকা।

এর আগেই টুলু মণ্ডলের কাছ থেকে ৫৩ লক্ষ টাকা নগদ, বিপুল পরিমাণ সোনা এবং অন্যান্য মূল্যবান সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছিল। তদন্তকারীদের মতে, নগদ অর্থ, সোনা, ব্যাঙ্কে থাকা টাকা এবং অন্যান্য সম্পদের মূল্য একত্র করলে বাজেয়াপ্ত সম্পত্তির অঙ্ক খুব শিগগিরই ২০০ কোটির গণ্ডি ছুঁতে পারে।

এদিকে তদন্তে উঠে এসেছে মহম্মদ বাজারে টুলু মণ্ডলের একটি বিশাল পার্কিং লটের তথ্য। কয়েক বিঘা জমি জুড়ে তৈরি ওই চত্বরে সারি সারি ডাম্পার ও ট্রাকের পাশাপাশি বিপুল পরিমাণ বালি ও স্টোন চিপস মজুত রয়েছে। এছাড়াও সেখানে রোড রোলার-সহ একাধিক ভারী নির্মাণযন্ত্র রাখা ছিল।

সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ, ওই পার্কিং লটের ভিতরে থাকা কয়েকটি অফিস ঘর থেকেই নকল DCR ছাপানোর কাজ চলত। তদন্তকারীদের দাবি, এই অফিসগুলিই ছিল গোটা চক্রের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। শুধু তাই নয়, পার্কিং লটের মধ্যেই একটি সুসজ্জিত বেডরুমও পাওয়া গেছে। পুলিশ সূত্রের দাবি, টুলু মণ্ডল দিনের দীর্ঘ সময় সেখানেই কাটাতেন এবং সেখান থেকেই বিভিন্ন ব্যবসায়িক কাজ পরিচালনা করতেন।

ইতিমধ্যেই মহম্মদ বাজার থানার পুলিশ ওই পার্কিং লটে থাকা একাধিক ডাম্পার ও অন্যান্য যানবাহন বাজেয়াপ্ত করেছে। তদন্তকারীরা এখন টুলু মণ্ডলের সম্পত্তি, আর্থিক লেনদেন এবং বেআইনি খনিজ ব্যবসার সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখছেন। তদন্ত যত এগোচ্ছে, ততই নতুন নতুন তথ্য সামনে আসছে, যা এই মামলাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.