রাজনীতি

পুরভোটের আগে প্রতীক-জটে ধাক্কা, জোড়াফুল নিয়ে সিদ্ধান্তে আরও চার মাস সময় কমিশনের

পুরসভা নির্বাচনের মুখে ফের অনিশ্চয়তা তৈরি হল তৃণমূলের জোড়াফুল প্রতীক নিয়ে। রেজিনগর ও নন্দীগ্রামের উপনির্বাচনের পর এবার পুরভোটেও জোড়াফুল প্রতীক ব্যবহার করতে পারবে কি না, তা নিয়ে সংশয় থেকেই গেল। সোমবার ‘প্রতীক-যুদ্ধ’ মামলার শুনানি শেষে নির্বাচন কমিশনকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও চার মাস সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে নভেম্বরের পুরভোটের আগে প্রতীক সংক্রান্ত জট কাটবে কি না, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। একইসঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরও দুই কেন্দ্রের উপনির্বাচন বা পুরভোটে জোড়াফুল প্রতীক পাবে কি না, তা এখনও স্পষ্ট নয়।

বিধানসভা নির্বাচনের পর থেকেই তৃণমূলের অন্দরে প্রকাশ্যে এসেছে বিভাজন। একদিকে কালীঘাট তৃণমূল, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির। এই পরিস্থিতির মধ্যেই কয়েক দিন আগে তৃণমূলের দলীয় নাম এবং জোড়াফুল প্রতীক ‘ফ্রিজ’ করে নির্বাচন কমিশন। কমিশন জানায়, আপাতত ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নাম এবং জোড়াফুল প্রতীক কোনও পক্ষই ব্যবহার করতে পারবে না। দলের প্রকৃত নিয়ন্ত্রণ কার হাতে এবং দলীয় তহবিলের অধিকার কোন গোষ্ঠীর, সেই সংক্রান্ত বিষয়গুলি নিষ্পত্তি হওয়ার পরেই নাম ও প্রতীক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়। কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির।

সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে মামলাটির শুনানি হয়। শুনানির শুরুতেই দ্রুত নাম ও প্রতীক সংক্রান্ত বিষয়টির নিষ্পত্তির আর্জি জানান কালীঘাট তৃণমূলের আইনজীবী কপিল সিব্বল ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে দুই গোষ্ঠীর কমিশনের সামনে শুনানি সম্পূর্ণ হয়েছে কি না, তা জানতে চায় প্রধান বিচারপতির বেঞ্চ।

কালীঘাট তৃণমূল কমিশনের প্রক্রিয়া শেষ হয়েছে বলে জানালেও ঋতব্রত শিবিরের তরফে আরও ছ’সপ্তাহ সময় চাওয়া হয়। তাঁদের আইনজীবী মুকুল রোহতগি কমিশনের কাছে বক্তব্য জানানোর জন্য অতিরিক্ত সময়ের আবেদন করেন। এরপর আদালত নির্দেশ দেয়, এক মাসের মধ্যে দুই পক্ষের বক্তব্য শুনে নিতে হবে কমিশনকে। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও তিন মাস সময় পাবে নির্বাচন কমিশন। পাশাপাশি, উভয় পক্ষকেই হলফনামা ও তার জবাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

এদিকে বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ পুরভোটকে সামনে রেখে কালীঘাট শিবিরের অবস্থান স্পষ্ট করেছেন। তাঁর দাবি, আগামী পুরসভা নির্বাচন ‘ইমানদার বনাম গদ্দার’-এর লড়াই হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে যাঁরা রয়েছেন, তাঁরা তাঁকে চেনেন বলেও মন্তব্য করেন তিনি। একইসঙ্গে প্রতীক ও দলের নাম ‘ফ্রিজ’ করার সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে ফের সরব হন কুণাল ঘোষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.