খেলাধুলাবিদেশ

হাসিনার ফেরার ঘোষণার পরই শাকিবের পৈতৃক বাড়িতে হামলা, পেট্রল বোমা ছোড়ার অভিযোগ

দীর্ঘ দুই বছর ধরে বাংলাদেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশত্যাগের দু’বছর পূর্তির দিন তিনি ঘোষণা করেন, আগামী ডিসেম্বরেই দেশে ফিরবেন। সেই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের ক্রিকেট তারকা শাকিব আল হাসানের পৈতৃক বাড়িতে হামলার ঘটনা সামনে আসে। অভিযোগ, দিল্লিতে শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠান শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই তাঁর বাড়ি লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ করা হয়। ইতিমধ্যেই সেই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বুধবার এক ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেখ হাসিনা। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাকিব আল হাসানও। অনুষ্ঠান শেষ হওয়ার প্রায় এক ঘণ্টার মধ্যে মাগুরা শহরের কেশাম্বর এলাকায় অবস্থিত শাকিবের পৈতৃক বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। হামলাকারীরা পেট্রল বোমা ছোড়ার পাশাপাশি বাড়িতে আগুন লাগানোরও চেষ্টা করে। এছাড়া বাড়ি লক্ষ্য করে ইট-পাথর ছোড়া হয় এবং দরজা-জানলারও ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়। স্থানীয় সময় রাত প্রায় পৌনে ৯টা নাগাদ ঘটনাটি ঘটে।

এই ঘটনার পর আওয়ামি লিগ একটি বিবৃতি প্রকাশ করে। তাদের অভিযোগ, বিএনপি, জামায়াত এবং এনসিপি সংবাদমাধ্যমগুলিকে শেখ হাসিনার বক্তব্য সম্প্রচার না করার জন্য চাপ সৃষ্টি করেছিল। তাদের দাবি, এরপরই বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় মুখ শাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা চালানো হয়। আওয়ামি লিগের বক্তব্য, এই ঘটনাই প্রমাণ করে তাদের নেতা-কর্মী ও সমর্থকদের উপর কী ধরনের চাপ ও হামলার পরিবেশ তৈরি হয়েছে।

পুলিশ জানিয়েছে, এই হামলায় কোনও প্রাণহানির খবর নেই। তবে কারা এই হামলার সঙ্গে জড়িত, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং শাকিবের বাড়ির নিরাপত্তা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ কেন্দ্র থেকে আওয়ামি লিগের প্রার্থী হিসেবে সাংসদ নির্বাচিত হয়েছিলেন শাকিব আল হাসান। তবে কয়েক মাসের মধ্যেই শেখ হাসিনা সরকারের পতনের পর তাঁর বিরুদ্ধে একটি খুনের মামলা দায়ের হয়। তারপর থেকেই তিনি দেশে ফিরতে পারেননি। নিজের দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ইচ্ছাও অপূর্ণ থেকে যায়। এরই মধ্যে তাঁর পৈতৃক বাড়িতে হামলার ঘটনায় নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.