কলকাতা বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ সোনা, হিরের গয়না, চুনী ও পান্না উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিমানবন্দরের একটি ডোমেস্টিক কার্গো থেকে এই মূল্যবান গয়নাগুলি উদ্ধার হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বাজেয়াপ্ত হওয়া গয়নার মোট বাজারমূল্য ১ কোটিরও বেশি।
তদন্তকারীদের দাবি, উদ্ধার হওয়া সোনার গয়নার মূল্যই প্রায় ৫০ লক্ষ টাকার বেশি। এছাড়া হিরে ও অন্যান্য মূল্যবান পাথরের দাম যোগ করলে মোট মূল্য আরও অনেক বেশি হতে পারে। জানা গিয়েছে, ডোমেস্টিক কার্গোর মাধ্যমে এই বিপুল পরিমাণ সোনা ও হিরে কলকাতায় আনা হয়েছিল।
পুলিশ সূত্রে জানা যায়, কার্গো থেকে মাল গ্রহণ করতে আসা এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাঁকে নজরে রাখা হয়। পরে গয়না নেওয়ার সময়ই বিমানবন্দর চত্বরে তাঁকে আটক করা হয়। এই বিপুল পরিমাণ মূল্যবান সামগ্রী কোথা থেকে পাঠানো হয়েছিল এবং সেগুলি কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
ধৃত ব্যক্তিকে এএসসিবিআই থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এই কাজে তাঁকে কারা নির্দেশ দিয়েছিল এবং এর পিছনে কোনও বড় পাচারচক্র সক্রিয় রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে। বিমানবন্দরে কোটি টাকার সোনা ও হিরে উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে দ্রুত অভিযুক্তকে আটক করতে পারায় তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে মনে করছে পুলিশ।







