বিশ্ব

হরমুজের ঝুঁকি এড়িয়ে নতুন রেলপথের ভাবনা, ভারতকে সরাসরি যুক্ত করতে চায় রাশিয়া

হরমুজ প্রণালী ও বসফরাসের মতো গুরুত্বপূর্ণ জলপথকে ঘিরে ভূরাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেই ভারতীয় বাজারে পণ্য পৌঁছনোর বিকল্প পথের সন্ধানে রাশিয়া। রুশ সংবাদমাধ্যম ‘তাস’-কে দেওয়া সাক্ষাৎকারে উপ-প্রধানমন্ত্রী মারাত খুসনুলিন জানিয়েছেন, ভারত মহাসাগর পর্যন্ত সরাসরি রেল যোগাযোগ গড়ে তোলার সম্ভাবনা খতিয়ে দেখা যেতে পারে।

প্রস্তাবিত এই রেল করিডোর মধ্য এশিয়া ও পশ্চিম এশিয়ার একাধিক দেশকে পেরিয়ে ভারতের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে। সম্ভাব্য রুট হিসেবে তুর্কমেনিস্তান, ইরান, আফগানিস্তান ও পাকিস্তানের কথা উঠে এসেছে। তবে কোন নির্দিষ্ট পথ দিয়ে ভারত পর্যন্ত রেল যোগাযোগ তৈরি করা হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।

রাশিয়ার এই উদ্যোগের পিছনে আন্তর্জাতিক বাণিজ্যপথে সাম্প্রতিক অস্থিরতাকেও গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা হচ্ছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তা বেড়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণপথ হওয়ায় এই জলপথে কোনও বাধা তৈরি হলে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে বড় প্রভাব পড়তে পারে।

ভারতের জন্যও প্রস্তাবিত করিডোরটি তাৎপর্যপূর্ণ। মধ্য এশিয়ার সঙ্গে বাণিজ্য বাড়াতে বর্তমানে ইরানের চাবাহার বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক টানাপড়েনের কারণে সরাসরি স্থলপথে বাণিজ্য সীমিত। সেই পরিস্থিতিতে বিকল্প রেলপথ তৈরি হলে ভারতের সামনে নতুন বাণিজ্যিক সম্ভাবনা খুলতে পারে।

তবে প্রকল্প বাস্তবায়নে রাজনৈতিক সমঝোতা, নিরাপত্তা, বিপুল বিনিয়োগ এবং একাধিক দেশের পরিকাঠামোর মধ্যে সমন্বয় বড় চ্যালেঞ্জ। ফলে পরিকল্পনাটি এখনও আলোচনার স্তরে। বাস্তবায়িত হলে ইউরেশিয়ার বাণিজ্য মানচিত্রে তা গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.