বর্ধমান দুর্গাপুজো সমন্বয় সমিতির বার্ষিক সাধারণ সভাকে ঘিরে চরম উত্তেজনা ছড়াল। রবিবার রাতে বর্ধমানের আলমগঞ্জের একটি বিবাহ ভবনে আয়োজিত সভায় আয়-ব্যয়ের হিসাব পেশের পর নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে শুরু হয় তর্ক-বিতর্ক এবং হট্টগোল।
জানা গিয়েছে, পুরনো কমিটির পক্ষ থেকে সমস্ত কার্যকলাপ শেষ হওয়ার পর নতুন কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়। কমিটির কয়েকজন সদস্য ভোটাভুটির মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানান। কিন্তু এরই মধ্যে সভাপতি ও সম্পাদক পদে পিন্টু সাম এবং কল্যাণ মাঝির নাম সামনে আসে। তাঁদের নাম ঘোষণা করা হলে আপত্তি জানান সমিতির একাংশের সদস্যরা।
তাঁদের অভিযোগ, আলোচনার মাধ্যমে কিংবা ভোটাভুটি ছাড়া নিজেদের ইচ্ছামতো নতুন কমিটি গঠন করা যাবে না। এই বিষয়কে কেন্দ্র করেই সভাকক্ষে শুরু হয় তীব্র বাকবিতণ্ডা। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। সভার মধ্যে ‘তৃণমূল কংগ্রেস দূর হটো’, ‘খোকন দাস দূর হটো’—সহ বিভিন্ন স্লোগানও ওঠে বলে দাবি।
শেষপর্যন্ত বিতর্কের মধ্যেই নতুন কমিটি গঠন করা হয়। এরপর সমিতির একাংশের সদস্য সভাস্থল ছেড়ে বেরিয়ে যান। পরবর্তীতে পুরনো কমিটির সদস্যদের একাংশ নতুন সিদ্ধান্ত মেনে নেন বলে জানা গিয়েছে।
নতুন কমিটিতে বর্ধমান জেলা বিজেপির যুব মোর্চার সভাপতি পিন্টু সামকে দুর্গাপুজো সমন্বয় সমিতির সভাপতি এবং বর্ধমান জেলা বিজেপির মুখপাত্র কল্যাণ মাঝিকে সম্পাদক করা হয়েছে। তবে কমিটি গঠন ঘিরে তৈরি হওয়া বিতর্কে সংগঠনের অভ্যন্তরে অসন্তোষের ছবি প্রকাশ্যে এসেছে।







