চাকরির পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সোমবার উত্তাল হয়ে উঠল ঝাড়খণ্ড। রাজ্য বিধানসভা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে রাঁচিতে পুলিশ ও আন্দোলনকারী পরীক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান, কাঁদানে গ্যাসের পাশাপাশি ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। ঘটনায় বেশ কয়েকজন আন্দোলনকারী পরীক্ষার্থী এবং চার পুলিশকর্মী আহত হয়েছেন।
এদিকে টানা ন’দিন অনশনে থাকা ‘ঝাড়খণ্ড গণতান্ত্রিক বিপ্লবী মোর্চা’র তরুণ নেতা দেবেন্দ্র নাথ মহাতোর শারীরিক অবস্থার গুরুতর অবনতি হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রাঁচি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাকরির নিয়োগ পরীক্ষা স্বচ্ছ করার দাবিতে চলা আন্দোলনের মধ্যেই সোমবার অ্যাম্বুলেন্সে করে বিধানসভা ঘেরাও কর্মসূচিতে পৌঁছেছিলেন তিনি।
রক্তে শর্করার মাত্রা বিপজ্জনকভাবে কমে যাওয়ায় তাঁর শারীরিক পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। হুইলচেয়ারে বসে, হাতে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেনের ছবি নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশে বার্তা দেন দেবেন্দ্র। তাঁর বক্তব্য ছিল, অনশন চললেও কাঁটাতারের বেড়া তাঁদের আন্দোলন থামাতে পারবে না। শেষ পর্যন্ত সরকারকে পরীক্ষার্থীদের দাবি মেনে নিতে হবে।
বিক্ষোভ মিছিল বিধানসভার দিকে এগিয়ে যাওয়ার সময় পুলিশ বাধা দিলে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। এরপর আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করা হয়। চলে লাঠিচার্জও। দেবেন্দ্রর সহযোগী পঙ্কজ কুমারের অভিযোগ, পুলিশের লাঠির আঘাতেই গুরুতর আহত হয়েছেন তিনি। যদিও ঘটনার জেরে একাধিক পরীক্ষার্থী এবং চার পুলিশকর্মী আহত হয়েছেন।
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জন্মদিনেই এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখানেই দেবেন্দ্র নাথ মহাতো হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন, তাঁরা রক্তপাত চান না। তাঁর কথায়, গ্রেফতার আইনি প্রক্রিয়ার অংশ হতে পারে, কিন্তু বলপ্রয়োগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। সরকার দাবি না মানলে ভবিষ্যতে গণতন্ত্র হত্যার জন্য ইতিহাস তাদের মনে রাখবে বলেও মন্তব্য করেন তিনি। একইসঙ্গে স্পষ্ট করে দেন, কোনও পরিস্থিতিতেই তিনি অনশন ভাঙবেন না।
উল্লেখ্য, ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (JPSC) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (JSSC)-এর নিয়োগ পরীক্ষায় অনিয়ম, অসঙ্গতি ও দুর্নীতির অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভে ফুঁসছেন পরীক্ষার্থীরা। সোমবারের সংঘর্ষের পর সেই ক্ষোভ আরও তীব্র হয়েছে। ঘটনাকে ঘিরে ঝাড়খণ্ডের রাজনৈতিক পরিস্থিতিও ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে।







