জেলা

ক্ষুদিরামের স্মৃতিতর্পণে গিয়ে বিক্ষোভের মুখে কেশপুরের বিধায়ক শিউলি সাহা, উঠলেন না মঞ্চে

বিপ্লবী শহিদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে তাঁর স্মৃতিবিজড়িত মহবনিতে শ্রদ্ধা জানাতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন কেশপুরের বিধায়ক শিউলি সাহা। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পৌঁছনোর আগেই বিধায়ককে ঘিরে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন স্থানীয়দের একাংশ। তাঁকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ এবং ‘শিউলি সাহা হটাও’ স্লোগান ওঠে। ঘটনায় মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে অনুষ্ঠানস্থলে।

ক্ষুদিরাম বসুর স্মরণানুষ্ঠানের জন্য তৈরি মূল মঞ্চটি ছিল মুখ্যমন্ত্রী-সহ আমন্ত্রিত বিশিষ্ট অতিথিদের জন্য। কিন্তু বিক্ষোভের পরিস্থিতি তৈরি হওয়ার পর আর সেই মঞ্চে ওঠেননি শিউলি সাহা। স্থানীয়দের একাংশের অভিযোগ, বিধায়ক এবং তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে অতীতে নানা ধরনের অত্যাচারের অভিযোগ রয়েছে।

বিক্ষোভকারীদের মধ্যে এক মহিলা প্রকাশ্যে অভিযোগ করেন, তিনি উৎপল পাঁজার মা। তাঁর দাবি, শিউলি সাহা এবং তাঁর লোকজন তাঁদের পরিবারের উপর অত্যাচার করেছেন। এমনকি লোক লাগিয়ে মারধর করে তাঁর স্বামীকে স্থায়ীভাবে পঙ্গু করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ওই মহিলার দাবি, শিউলি সাহার হাত থেকে তাঁরা মুক্তি চান।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ ১০ বছর কেশপুরের বিধায়ক হিসেবে দায়িত্বে থাকার পরও এলাকার পরিকাঠামোগত উন্নয়ন কিংবা বিপ্লবী ক্ষুদিরাম বসুর পৈতৃক ভিটে সংরক্ষণের ক্ষেত্রে শিউলি সাহা উল্লেখযোগ্য কোনও উদ্যোগ নেননি। ফলে শহিদের স্মৃতিতে শ্রদ্ধা জানানোর দিনে বিধায়কের উপস্থিতি ঘিরে পুরনো ক্ষোভ ফের প্রকাশ্যে আসে বলে দাবি বিক্ষোভকারীদের।

প্রসঙ্গত, তৃণমূলের টিকিটে নির্বাচিত শিউলি সাহা গত জুন মাসে কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছিলেন। সেখানে তিনি পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে সরব হন। তাঁর অভিযোগ ছিল, আগের সরকারের প্রশাসনিক বৈঠকে মন্ত্রীদেরও নিজেদের বক্তব্য রাখার যথেষ্ট সুযোগ দেওয়া হত না। একটির বেশি প্রস্তাব দিলেই তাঁদের থামিয়ে দেওয়া হত বলেও দাবি করেছিলেন তিনি।

এ দিন বিক্ষোভের মুখে পড়ে অনুষ্ঠানে আর বক্তব্য রাখেননি শিউলি সাহা। মূল মঞ্চেও ওঠেননি তিনি। মুখ্যমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছনো পর্যন্ত মহবনি চত্বরেই ছিলেন বিধায়ক। পরে সেখান থেকে নীরবে বেরিয়ে যান তিনি। গোটা ঘটনায় শিউলি সাহার কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.