কাগজের নোটের বিকল্প হিসেবে এবার দেশে পরীক্ষামূলক ভাবে চালু হতে চলেছে পলিমার বা প্লাস্টিকের ব্যাঙ্কনোট। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রস্তাবে সায় দিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রথম পর্যায়ে ১০ এবং ২০ টাকা মূল্যের মোট ১০০ কোটি পলিমার নোট বাজারে আনার অনুমতি দেওয়া হয়েছে। মঙ্গলবার রাজ্যসভায় লিখিত জবাবে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
সরকারি সূত্রের খবর, ‘রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট, ১৯৩৪’-এর ২৫ নম্বর ধারা অনুযায়ী আরবিআইয়ের কেন্দ্রীয় পর্ষদের সুপারিশের ভিত্তিতে পলিমার নোট চালুর প্রস্তাব সরকারের কাছে পাঠানো হয়েছিল। সেই প্রস্তাবেই অনুমোদন মিলেছে। প্রথমে ১০ ও ২০ টাকার ১০০ কোটি প্লাস্টিকের নোট বাজারে এনে তার কার্যকারিতা, পরিবেশগত প্রভাব এবং সাধারণ মানুষের ব্যবহারের অভিজ্ঞতা খতিয়ে দেখা হবে। পরীক্ষামূলক পর্যায় সফল হলে ভবিষ্যতে নিয়মিত ভাবে পলিমার নোট চালুর কথা ভাবা হতে পারে। এর আগে পটনা ও মুম্বইয়ে আয়োজিত আরবিআইয়ের কেন্দ্রীয় পর্ষদের বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল।
সংসদে অর্থমন্ত্রী স্পষ্ট করেছেন, গোটা পরিকল্পনাটি এখনও প্রাথমিক পর্যায়েই রয়েছে। তাই এই মুহূর্তে পলিমার নোট কবে থেকে সম্পূর্ণ ভাবে চালু হবে বা প্রকল্পটির সম্ভাব্য খরচ কত হতে পারে, তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তবে প্লাস্টিকের নোট বাজারে এলেও প্রচলিত কাগজের নোট তুলে নেওয়া হবে না। দু’ধরনের নোটই একই সঙ্গে বাজারে চালু থাকবে।
কেন পলিমার নোটের দিকে ঝুঁকছে আরবিআই?
কাগজের নোটের তুলনায় পলিমার নোটের স্থায়িত্ব বেশি। সহজে ছিঁড়ে যায় না কিংবা ব্যবহারে দ্রুত নষ্টও হয় না। উৎপাদন খরচও তুলনামূলক ভাবে কম বলে দাবি করা হচ্ছে। ভারতের মতো বিপুল জনসংখ্যার দেশে এবং বিভিন্ন ধরনের আবহাওয়ার পরিস্থিতিতে এই ধরনের নোট বেশি দিন টিকে থাকতে পারে বলেই মনে করছে শীর্ষ ব্যাঙ্ক। ভবিষ্যতে এটিএম থেকেও পলিমার নোট তোলার সুযোগ মিলতে পারে।
আরবিআইয়ের বার্ষিক রিপোর্ট অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবর্ষে কাগজের নোট ছাপাতে কেন্দ্রীয় সরকারের খরচ হয়েছিল ৫,১০১.৪ কোটি টাকা। পরের অর্থবর্ষে অর্থাৎ ২০২৪-২৫ সালে সেই ব্যয় বেড়ে হয় ৬,৩৭২.৮ কোটি টাকা। দেশে নগদের চাহিদা বেশি থাকায় নিয়মিত ভাবে বিপুল পরিমাণ নোট ছাপাতে হচ্ছে সরকারকে।
এর পাশাপাশি জীর্ণ ও নোংরা নোট বাজার থেকে তুলে নেওয়াও আরবিআইয়ের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। ২০২৪-২৫ অর্থবর্ষে প্রায় ২,৩৮০ কোটি নষ্ট বা ময়লা নোট বাজার থেকে প্রত্যাহার করা হয়। আগের অর্থবর্ষে এই সংখ্যা ছিল ২,১২৪ কোটি। অর্থাৎ এক বছরে প্রত্যাহার করা নোটের পরিমাণ বেড়েছে ১২.৩ শতাংশ। তুলে নেওয়া নোটের বড় অংশই ছিল ৫০০ ও ১০০ টাকার। সেই কারণেই প্রথম পর্যায়ে তুলনামূলক কম মূল্যের ১০ ও ২০ টাকার পলিমার নোট দিয়ে পরীক্ষামূলক ভাবে প্রকল্পটি শুরু করতে চাইছে আরবিআই।
ডিজিটাল লেনদেন বাড়লেও কমছে না নগদের চাহিদা
দেশে ইউপিআই-সহ ডিজিটাল লেনদেন দ্রুত বাড়লেও সাধারণ মানুষের হাতে নগদের পরিমাণ কমেনি। বরং তা নতুন রেকর্ড গড়েছে। তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৫ মে পর্যন্ত জনসাধারণের হাতে থাকা নগদের পরিমাণ বেড়ে হয়েছে ৪২.৮৬ লক্ষ কোটি টাকা। আগের বছরের একই সময়ের তুলনায় এই বৃদ্ধি ১১.৫ শতাংশ।
এমনকি ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম দেড় মাসেই বাজারে প্রচলিত কাগুজে মুদ্রার পরিমাণ আরও ১.১৫ লক্ষ কোটি টাকা বেড়েছে। আরবিআইয়ের মতে, ডিজিটাল লেনদেন এবং নগদ অর্থব্যবস্থা পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয়। বরং দেশের অর্থনীতিতে দু’টি ব্যবস্থাই পাশাপাশি থেকে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে।







