মনের অশুদ্ধতা দূর করে আধ্যাত্মিক চেতনা জাগাতে মানুষের মধ্যে গীতাপাঠের প্রসার ঘটানো প্রয়োজন। আর জি করের মতো ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, তার জন্য মানুষকে গীতা পড়ানোর বার্তাই দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বেলঘরিয়ার আদ্যাপীঠ মন্দিরে পুজো দিতে গিয়ে এই বার্তা দেন তিনি।
এদিন সকাল ১১টার কিছু আগে আদ্যাপীঠে পৌঁছন মুখ্যমন্ত্রী। আশ্রমের অধ্যক্ষ ব্রহ্মচারী মুরাল ভাই তাঁকে স্বাগত জানান এবং প্রসাদী মালা পরিয়ে দেন। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে আশ্রমের আবাসিক ও পড়ুয়ারাও উপস্থিত ছিলেন। এদিন মন্দিরের নবনির্মিত মূল ফটকের উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি আদ্যাপীঠের তরফে দেওয়া একটি অ্যাম্বুল্যান্সেরও উদ্বোধন করেন তিনি।
এরপর আদ্যাপীঠের গোশালায় গিয়ে গোমাতার সেবা করেন মুখ্যমন্ত্রী। পরে মন্দিরে গিয়ে আদ্যা মায়ের পুজো দেন এবং আরতিতে অংশ নেন। সংক্ষিপ্ত বক্তব্যে আধ্যাত্মিক চেতনার প্রসারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, কলকাতা যেমন সংস্কৃতির পীঠস্থান, তেমনই আধ্যাত্মিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। তাঁর বক্তব্য, রাজ্য সরকার আধ্যাত্মিক জাগরণের প্রসারে প্রয়োজনীয় সহযোগিতা করবে। গেরুয়া রঙের তাৎপর্য মানুষের কাছে তুলে ধরার কথাও বলেন তিনি। তাঁর মতে, সনাতন ধর্মীয় প্রতিষ্ঠানগুলির মূল উদ্দেশ্যই হল মানুষের সেবা।
আদ্যাপীঠে দাঁড়িয়ে সনাতনী সংস্কৃতির প্রসঙ্গের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও প্রশংসা করেন শুভেন্দু। অযোধ্যার রামমন্দির নির্মাণের প্রসঙ্গ তুলে তিনি বলেন, মন্দিরের জন্য বহু মানুষ আত্মবলিদান দিয়েছেন। কাশী বিশ্বনাথ মন্দিরের সঙ্গে মা গঙ্গার সংযোগের কথাও উল্লেখ করেন তিনি।
আর জি কর-কাণ্ডের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, মানুষকে পাপকাজ থেকে দূরে রাখতে গীতার শিক্ষা দেওয়া প্রয়োজন। তাঁর বক্তব্য, গেরুয়া কোনও রাজনৈতিক রং নয়, বরং ত্যাগ ও কৃচ্ছসাধনার প্রতীক।







