কলকাতা

পুরভোটের আগে কলকাতা-হাওড়ায় ওয়ার্ড পুনর্বিন্যাস, বিধানসভায় বিল পেশ

পুজোর পরেই রাজ্যে পুরভোটের প্রস্তুতি শুরু হতে পারে। কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচনের আগে ওয়ার্ড পুনর্বিন্যাসের পথে হাঁটছে রাজ্য সরকার। সেই লক্ষ্যে কলকাতা ও হাওড়া পুরসভা সংক্রান্ত পৃথক দু’টি সংশোধনী বিল বিধানসভায় পেশ করা হয়েছে। বিশেষ বর্ষাকালীন অধিবেশনে নতুন সংশোধনী বিল পেশের পাশাপাশি আগের সংশোধনী বিল প্রত্যাহারের প্রস্তাবও আনা হয়।

বিধানসভায় হাওড়ার অনুন্নয়ন নিয়ে পূর্ববর্তী তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর অভিযোগ, তৃণমূল আমলে হাওড়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে। পুকুর ভরাট করে বেআইনি নির্মাণ, বেহাল নিকাশি ব্যবস্থা এবং বহু বাড়িতে পানীয় জল না পৌঁছনোর মতো সমস্যার কথাও তুলে ধরেন তিনি। অগ্নিমিত্রা বলেন, রাস্তা, নিকাশি ও পানীয় জল পরিষেবার উন্নতির জন্য সরকার বিশেষ পরিকল্পনা করছে।

মন্ত্রী দাবি করেন, প্রায় ১৫ বছর ধরে হাওড়ার মানুষ বঞ্চিত হয়েছেন। জনসংখ্যার পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে ওয়ার্ডের সংখ্যা বাড়ানো জরুরি হয়ে পড়েছিল। তাঁর বক্তব্য, ওয়ার্ড পুনর্বিন্যাসের ফলে নাগরিকদের কাছে পুর পরিষেবা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে। হাওড়া মিউনিসিপ্যাল অ্যাক্ট অনুযায়ী ‘সংশোধনী বিল ২০২৬’ তৈরি করা হয়েছে। প্রশাসনিক বৈষম্য দূর করে নাগরিক পরিষেবা উন্নত করতে হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৮ করার প্রস্তাব দেওয়া হয়েছে। অগ্নিমিত্রার অভিযোগ, ভোটে পরাজয়ের আশঙ্কাতেই এতদিন তৃণমূল পুর নির্বাচন করায়নি। তাঁর দাবি, হাওড়া ২০০ কোটি টাকার আর্থিক বরাদ্দ থেকেও বঞ্চিত হয়েছে।

বিধানসভায় হাওড়া উত্তরের বিধায়ক উমেশ রাইও আগের সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তাঁর অভিযোগ, নাগরিকদের স্বার্থ নিয়ে ছেলেখেলা করা হয়েছে। কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকেও নিশানা করেন তিনি। উমেশের দাবি, নাগরিক পরিষেবা দেওয়ার পরিবর্তে মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং বালিকে কার্যত বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল। হাওড়ার অন্যতম বড় সমস্যা জলনিকাশি বলেও উল্লেখ করেন তিনি। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হাওড়া পুরসভার উন্নয়নের জন্য ৪ হাজার ৭০২ কোটি টাকা বরাদ্দ করেছেন।

পূর্ববর্তী সরকারের সমালোচনায় সরব হন বারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচিও। তাঁর বক্তব্য, এতদিন হাওড়া ও বালির মানুষের সঙ্গে যে অন্যায় হয়েছে, তার জন্য তৃণমূল নেতাদের ক্ষমা চাওয়া উচিত। ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে তিনি বলেন, ৫০টি ওয়ার্ডের মধ্যে এমন অনেক ওয়ার্ড রয়েছে যেখানে ভোটারের সংখ্যা ২০ থেকে ৩০ হাজার পর্যন্ত। নতুন বিন্যাসে প্রতি ওয়ার্ডে প্রায় ১৫ থেকে ১৬ হাজার ভোটার থাকবেন। এর ফলে পুর পরিষেবা আরও সুষ্ঠুভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে। কৌস্তভ আরও জানান, ২০১৮ সালের পর থেকে হাওড়ায় পুর নির্বাচন হয়নি, প্রশাসক দিয়ে পুরসভা পরিচালিত হচ্ছে। তাই নাগরিকদের স্বার্থে এই বিলকে তিনি স্বাগত জানিয়েছেন।

তবে হাওড়ার উন্নয়ন নিয়ে একের পর এক প্রশ্ন ওঠার পর বিধানসভায় বক্তব্য রাখতে দাঁড়ান ফিরহাদ হাকিম। তাঁর বক্তব্যের মাঝেই শুরু হয় হইহট্টগোল। ফিরহাদ দাবি করেন, বালির উন্নয়নের কথা মাথায় রেখেই তাকে হাওড়ার সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। এরপর জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে তাঁর বাকবিতণ্ডা শুরু হয়।

অন্যদিকে, কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ড পুনর্বিন্যাস করে ২০০টি করার জন্য আগে সরকারি বিজ্ঞপ্তি জারি হয়েছিল। কিন্তু ওয়ার্ড-পিছু প্রায় ১৬ হাজার ভোটার রাখার পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে একাধিক প্রশাসনিক জটিলতা দেখা দেয়। ফলে নির্ধারিত ৩১ জুলাই নতুন ওয়ার্ডের তালিকা প্রকাশ করা সম্ভব হয়নি। পরে কলকাতা পুরসভার তরফে ২০৯টি ওয়ার্ডের মানচিত্র তৈরি করে পুর ও নগরোন্নয়ন দপ্তরে পাঠানো হয়। সূত্রের খবর, ওয়ার্ডের সংখ্যা বাড়লেও কলকাতায় বরোর সংখ্যা ১৬-ই থাকছে।

নতুন ওয়ার্ডের তালিকা চূড়ান্ত হওয়ার পর রাজ্য নির্বাচন কমিশন সর্বদলীয় বৈঠক করবে। পাশাপাশি ২০৯টি ওয়ার্ডের মধ্যে মহিলা ও তফসিলি সংরক্ষিত আসনও চিহ্নিত করা হবে। পুজোর আগেই এই প্রক্রিয়া শেষ করার লক্ষ্যে এগোচ্ছে প্রশাসন।

একইসঙ্গে প্রায় আট বছর ধরে পুরভোট না হওয়া হাওড়া পুরসভার ৫০টি ওয়ার্ডকে পুনর্বিন্যাস করে ৬৮টি করার কাজও এগিয়েছে। নতুন ওয়ার্ডগুলির মানচিত্র তৈরির কাজও সম্পূর্ণ হয়েছে বলে জানা গিয়েছে। পুরপ্রতিনিধি না থাকায় দীর্ঘদিন ধরে নাগরিক পরিষেবা ব্যাহত হওয়ার অভিযোগ রয়েছে। এখন বিধানসভার বিশেষ অধিবেশনে কলকাতা ও হাওড়ার ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত সংশোধনী বিল পাস হলে পুর পরিষেবা আরও স্বাভাবিক ও কার্যকর হবে বলে দাবি রাজ্য সরকারের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.