কলকাতা

নারী-স্বাধীনতার বার্তা, ১৪ আগস্ট রাত দখলের ডাক অগ্নিমিত্রার

নতুন সরকারের আমলে নারী-নিরাপত্তাকে আরও জোরদার করার বার্তা। স্বাধীনতা দিবসের প্রাক্কালে মহিলাদের রাতের রাস্তায় নামার আহ্বান জানালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আগামী ১৪ আগস্ট রাত ৯টায় বালিগঞ্জ শিক্ষাসদন থেকে গোলপার্ক পর্যন্ত মিছিলের পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

অগ্নিমিত্রার বক্তব্য, ১৪ আগস্ট রাত ৯টায় আট থেকে আশি—সব বয়সের মহিলাদের এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। বালিগঞ্জ শিক্ষাসদন থেকে গোলপার্ক এবং সেখান থেকে ফের শিক্ষাসদন পর্যন্ত মিছিল হবে। মহিলাদের স্বাধীনতা ও নিরাপত্তার দাবিতেই এই কর্মসূচি বলে জানান মন্ত্রী।

দোষ কার? প্রশ্ন তোলার আগেই বহু ক্ষেত্রে অভিযোগের তির গিয়ে বিঁধেছে নারীদের দিকেই। কখনও পোশাক নিয়ে, কখনও রাতে বাইরে বেরনো নিয়ে—অপরাধের জন্য মেয়েদের দায়ী করার প্রবণতা বাংলায় নতুন নয়। তৃণমূল সরকারের আমলে প্রাক্তন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে একাধিক নেতা-মন্ত্রীকে নানা সময়ে নারী-বিরোধী মন্তব্য করতে শোনা গিয়েছে। তবে নতুন সরকারের দাবি, এবার সেই মানসিকতা বদলের সময় এসেছে। সেই বার্তাই সামনে রেখে স্বাধীনতা দিবসের আগের রাতে মহিলাদের রাস্তায় নেমে মিছিলে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

অগ্নিমিত্রা বলেন, “এবছর আমরা ৮০তম স্বাধীনতা দিবস পালন করতে চলেছি। তার ঠিক আগের দিন, ১৪ আগস্ট রাত ৯টায় বাংলার মা-বোনেদের সকলকে আহ্বান জানাচ্ছি। বালিগঞ্জ শিক্ষাসদন থেকে ব্রিজ ধরে গোলপার্ক পর্যন্ত মিছিল হবে। গোলপার্ক থেকে ফের শিক্ষাসদন পর্যন্ত ব্রিজের নিচ দিয়ে মিছিল হবে। মহিলাদের স্বাধীনতার স্বার্থে আমরা রাতে পথে নামব। আপনারাও সেখানে যোগ দিন।”

আগের সরকারের আমলে নারী নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল বলেও দাবি করেন অগ্নিমিত্রা। তাঁর বক্তব্য, তৃণমূলের শাসনকালে নারী নির্যাতনের বহু ঘটনা সামনে এসেছে। সেই সঙ্গে মেয়েদের পোশাক, বাইরে বেরনোর সময় নিয়েও নানা মন্তব্য করা হয়েছে। অগ্নিমিত্রার কথায়, “আমরা কী পরব, কী পরব না, কখন বাইরে বেরব আর কখন বেরব না—এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার কারও নেই। আগের মুখ্যমন্ত্রীও বিভিন্ন সময়ে মেয়েদের এই ধরনের মন্তব্য করে অপমান করেছেন। এখন আর সেই পরিস্থিতি চলবে না।”

নারীদের আত্মরক্ষায় আরও আত্মনির্ভর করে তুলতে সরকারি স্কুলগুলিতেও বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করছে রাজ্য সরকার। চলতি শিক্ষাবর্ষ থেকেই স্কুলে স্কুলে শুরু হতে চলেছে ‘রানি লক্ষ্মীবাঈ আত্মরক্ষা প্রশিক্ষণ’। কোনও অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হলে কীভাবে নিজেদের সুরক্ষিত রাখতে হবে, সেই বিষয়ে ছাত্রীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

এর পাশাপাশি রাজ্যে মহিলা থানার সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে বলে সরকারের দাবি। রাস্তাঘাটে মহিলাদের নিরাপত্তার জন্য রয়েছে পুলিশের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’। দ্রুত অভিযোগ জানানোর জন্য রয়েছে হেল্পলাইন ডেস্কও। অর্থাৎ নিরাপত্তার পাশাপাশি আত্মরক্ষার ক্ষেত্রেও মেয়েদের আরও সক্ষম করে তোলাই নতুন সরকারের লক্ষ্য। এবার বাংলার মেয়েরাই নিজেদের সুরক্ষার ক্ষেত্রে নিজেদের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবেন—এমনই বার্তা দেওয়া হচ্ছে সরকারের তরফে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.