কলকাতা

টোল দুর্নীতি মামলায় ফের তৎপর ED, কলকাতায় ব্যবসায়ীর বাড়ি-অফিসে সাতসকালে হানা

কলকাতা: জাতীয় সড়কে টোল ট্যাক্স আদায়ের নামে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগে ফের তৎপর এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ED)। বুধবার সাতসকালে কলকাতার শেক্সপিয়র সরণির একটি বহুতল আবাসনে আচমকাই হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। একইসঙ্গে লখনউয়ের একটি প্রতারণা মামলার সূত্র ধরে দেশের সাতটি রাজ্যের মোট ১৪টি জায়গায় একযোগে মেগা তল্লাশি অভিযান চালানো হয়েছে বলে ইডি সূত্রে খবর।
তদন্তকারীদের দাবি, জাতীয় সড়কে টোল আদায়ের ক্ষেত্রে সরকারি ব্যবস্থাকে পাশ কাটিয়ে একটি বিশেষ অবৈধ সফটওয়্যার ব্যবহার করা হচ্ছিল। ওই সফটওয়্যারের মাধ্যমে গাড়িচালকদের কাছ থেকে বেআইনিভাবে টোলের রসিদ তৈরি করে টাকা আদায় করা হত। কিন্তু সেই অর্থের সম্পূর্ণ হিসেব সরকারি খাতায় দেখানো হয়নি। অভিযোগ, এভাবেই বিপুল পরিমাণ অর্থ সরিয়ে ফেলেছিল একটি প্রতারণা চক্র।
এই আর্থিক দুর্নীতির টাকা কোথায় এবং কার কার অ্যাকাউন্টে গিয়েছে, সেই সূত্র খুঁজতেই তদন্তে নেমেছে ED। বুধবার সকালে শেক্সপিয়র সরণির বহুতলে একটি ব্যবসায়ীর বাড়ি ও অফিসে পৌঁছয় কেন্দ্রীয় সংস্থার ছয় সদস্যের একটি দল।
ED আধিকারিকেরা আবাসনে ঢোকার পরই কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ানরা গোটা চত্বর ঘিরে ফেলেন। তল্লাশিতে ডিজিটাল নথি, আর্থিক লেনদেনের তথ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রমাণ খোঁজা হচ্ছে বলে জানা গিয়েছে।
পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান-সহ সাতটি রাজ্যে চলছে এই অভিযান। তবে কলকাতার ব্যবসায়ীর সঙ্গে টোল দুর্নীতি চক্রের সরাসরি যোগ কতটা এবং তল্লাশিতে কী উদ্ধার হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.