দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আল কায়েদার যোগ থাকার দাবি আরও জোরালো হল। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের একটি সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে, গত নভেম্বরের দিল্লি বিস্ফোরণের নেপথ্যে থাকতে পারে আল কায়েদার উপমহাদেশীয় শাখা ‘আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট’ বা AQIS। একইসঙ্গে ভারত, বাংলাদেশ ও আফগানিস্তানে সংগঠনটির কার্যকলাপ ও নেটওয়ার্ক বিস্তারের বিষয়েও সতর্ক করা হয়েছে।
সম্প্রতি নিরাপত্তা পরিষদের ‘অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং টিম’ একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে উল্লেখ করা হয়েছে, AQIS বর্তমানে দক্ষিণ-পূর্ব আফগানিস্তানে সক্রিয়। বড় আকারের সংগঠিত ইউনিট গড়ে তোলার পরিবর্তে ছোট ছোট সেল তৈরি করে নিজেদের কার্যকলাপ চালানোর কৌশল নিয়েছে তারা। এই সেলগুলির মাধ্যমে লজিস্টিক ও আর্থিক সহায়তার নেটওয়ার্কও গড়ে তোলা হচ্ছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। পাশাপাশি প্রতিবেশী বাংলাদেশেও সংগঠনটি নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলে সতর্ক করেছে রাষ্ট্রসংঘ।
রিপোর্টে আরও বলা হয়েছে, জঙ্গি সংগঠনগুলি প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারও বাড়াচ্ছে। বোমা তৈরির পদ্ধতি, সম্ভাব্য টার্গেট নির্বাচন এবং তথ্য সংগ্রহের মতো বিভিন্ন কাজে তারা AI-ভিত্তিক চ্যাটবট ব্যবহার করছে বলে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, গত বছর ১০ নভেম্বর সন্ধ্যায় দিল্লির লালকেল্লার সামনে পরপর তিনটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের অভিঘাতে আশপাশের এলাকা কেঁপে ওঠে এবং ভূগর্ভস্থ মেট্রো স্টেশনেও তার প্রভাব পড়ে। ঘটনাস্থলের কাছেই ছিল জৈন মন্দির ও উমাশঙ্কর মন্দির। ওই ঘটনায় ১৫ জনের মৃত্যু হয় এবং বহু মানুষ আহত হন।
তদন্তে পরে ফরিদাবাদের ‘চিকিৎসক মডিউল’-এর বিষয়টি সামনে আসে। তদন্তকারীদের দাবি অনুযায়ী, ফরিদাবাদের আল ফালা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন চিকিৎসকের বিরুদ্ধে নাশকতার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ওঠে। বিস্ফোরণে নিহত হন উমর-উন-নবি, যাঁকে এই হামলার অন্যতম মূল ষড়যন্ত্রী হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তিনি আল ফালা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের প্রাক্তন সহকারী অধ্যাপক ছিলেন।







