ম্যাসাচুসেটস: প্রযুক্তির অন্ধকার ব্যবহারের এক ভয়াবহ অভিযোগ সামনে এল আমেরিকার ম্যাসাচুসেটসে। নিজের মা ও ১৪ বছরের ভাইকে হত্যার অভিযোগ উঠল ১৭ বছরের ভারতীয় বংশোদ্ভূত কিশোর অর্জুন অরবিন্দের বিরুদ্ধে। ঘটনার পর মায়ের গাড়ি নিয়ে পালিয়েও শেষরক্ষা হয়নি। পরদিন ভোরে একটি পার্কিং লট থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
অ্যাকটন শহরের মার্থা লেনের বাড়ি থেকে উদ্ধার হয় অর্জুনের মা সুধা ভেঙ্কটেশন (৪৫) এবং ছোট ভাই সিদ্ধার্থ অরবিন্দের (১৪) দেহ। পুলিশ সূত্রে খবর, দু’জনের দেহেই গুরুতর আঘাতের চিহ্ন ছিল। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে।
ঘটনাটি প্রকাশ্যে আসে মঙ্গলবার সন্ধ্যায়। বাড়িতে পড়াতে আসা এক টিউটর দরজা বন্ধ দেখে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। সাড়া না পেয়ে অর্জুনের বাবাকে খবর দেওয়া হয়। এরপর পুলিশ বাড়িতে ঢুকে নীচতলা এবং বেসমেন্ট থেকে দু’টি দেহ উদ্ধার করে।
তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। তদন্তকারীদের দাবি, হত্যাকাণ্ডের আগে অর্জুন ইন্টারনেট এবং ChatGPT-তে পরিবারকে হত্যার বিভিন্ন উপায় নিয়ে অনুসন্ধান করছিল। যদিও সেই অনুসন্ধানকে গথিক বা কাল্পনিক গল্প লেখার প্রস্তুতি হিসেবে দেখানো হয়েছিল বলে তদন্তকারীরা জানিয়েছেন।
ঘটনার পর নিখোঁজ ছিল অর্জুন এবং তাঁর মায়ের গাড়ি। বুধবার ভোরে ওয়েল্যান্ডের একটি পার্কিং লটে গাড়িটির সন্ধান মেলে। সেখান থেকেই অভিযুক্ত কিশোরকে আটক করে পুলিশ।
অর্জুনের বিরুদ্ধে দুইটি খুনের মামলা ছাড়াও গাড়ি চুরি করে ব্যবহারের অভিযোগ এবং একাধিক গুরুতর হামলার ধারায় মামলা হয়েছে। এখন তদন্তকারীদের নজরে সবচেয়ে বড় প্রশ্ন—কীভাবে এই ভয়াবহ হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়েছিল এবং ChatGPT-সহ অনলাইন অনুসন্ধানের ভূমিকা ঠিক কতটা ছিল।






