রাজনীতি

নির্মল গ্রেপ্তার হতেই খড়দহ থানার সামনে উৎসব, ডিম-চড়-লাথিতে উত্তপ্ত পরিস্থিতি

নির্মল ঘোষ গ্রেপ্তার হওয়ার পর থেকেই খড়দহে কার্যত উৎসবের আবহ। ‘অভয়া’ কাণ্ডে এতদিনে প্রকৃত অভিযুক্ত গ্রেপ্তার হয়েছেন—এমনই দাবি স্থানীয়দের একাংশের। সময় যত গড়িয়েছে, ততই থানার সামনে মানুষের ভিড় বেড়েছে। ডিজে বাজিয়ে বেশ কয়েকজনকে নাচতেও দেখা যায়। পরিস্থিতি যে উত্তপ্ত হতে পারে, তা আগেই আঁচ করেছিলেন পুলিশকর্মীরা। তাই থানার বাইরে নিয়ে আসার সময় নির্মল ঘোষকে ঘিরে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। মাথায় পরানো হয়েছিল হেলমেটও। কিন্তু সেই নিরাপত্তা সত্ত্বেও বিক্ষোভকারীদের হাত থেকে রেহাই পাননি প্রাক্তন তৃণমূল বিধায়ক। তাঁর দিকে ডিম ছোড়া হয়। পাশাপাশি চড়, লাথিও খেতে হয় তাঁকে।

এরই মধ্যে থানার লকআপে থাকাকালীন খাবার নিয়েও একাধিক আবদার করেন নির্মল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, লকআপের কাছে ক্যান্টিনের এক কর্মীকে দেখে তাঁর কাছে আদা দেওয়া দুধ চা চেয়েছিলেন প্রাক্তন বিধায়ক। সেইমতো তাঁকে চা দেওয়া হয়। পরে সকালে নির্মলকে দেখতে থানায় যান তাঁর পুত্রবধূ দীপান্বিতা ঘোষ। শ্বশুরের সঙ্গে দেখা করে বেরিয়ে যাওয়ার সময় খাবারের কথা জানান নির্মল। এরপর তাঁকে ডিম টোস্ট, বাটার টোস্ট এবং ঘুগনি দেওয়া হয়। খাবার খাওয়ার পরই তাঁকে আদালতে পেশ করা হয়।

উল্লেখ্য, গত ৯ অগস্ট ‘অভয়া’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে পানিহাটিতে একটি অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকেই অভয়ার মৃত্যুর ঘটনা নিয়ে পুনর্তদন্তের নির্দেশ দেন তিনি। মৃত্যুর রাতে শ্মশানঘাটে ঠিক কী ঘটেছিল, তা খতিয়ে দেখতে বারাকপুরের পুলিশ কমিশনারকেও তদন্তের নির্দেশ দেওয়া হয়। নির্মল ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায় এবং সোমনাথ দে-র ভূমিকা খতিয়ে দেখার কথাও জানান মুখ্যমন্ত্রী।

এরপর অভয়ার বাবা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের মাত্র দু’দিনের মধ্যেই ওড়িশা থেকে গ্রেপ্তার হন নির্মল ঘোষ। পুলিশ সূত্রে খবর, বালেশ্বরের সিমুলিয়া থানার এলাকার একটি হোটেলে গা-ঢাকা দিয়েছিলেন তিনি। পুলিশের নজর এড়াতে পুরনো মোবাইল নম্বর বন্ধ করে দিয়েছিলেন বলে জানা গিয়েছে। তবে মোবাইল টাওয়ারের অবস্থান খতিয়ে দেখে তাঁর সন্ধান পায় রাজ্য পুলিশ। সিমুলিয়া থানার পুলিশের সহযোগিতায় ওই হোটেলে পৌঁছে নির্মলকে গ্রেপ্তার করা হয়।

এরপর ওড়িশার আদালতে তাঁকে পেশ করা হয়। সেখান থেকে ট্রানজিট রিমান্ডে তাঁকে খড়দহে নিয়ে আসে পুলিশ। পাশাপাশি নির্মল ঘোষের ব্যবহৃত গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.