রাজনীতি

গোসাবায় মুখ্যমন্ত্রীর সফরে বাধা আবহাওয়া, বাতিল জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি

সবকিছুই প্রায় চূড়ান্ত ছিল। ৮০তম স্বাধীনতা দিবসে সুন্দরবনের গোসাবায় গিয়ে জাতীয় পতাকা উত্তোলন করার কথা ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কিন্তু শেষ মুহূর্তে বাধ সাধল দুর্যোগপূর্ণ আবহাওয়া। খারাপ আবহাওয়ার কারণে গোসাবায় যেতে পারেননি মুখ্যমন্ত্রী। ঘটনায় দুঃখপ্রকাশ করে সকলের কাছে ক্ষমা চান সুন্দরবন উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা। তিনি জানান, এবার সফর সম্ভব না হলেও খুব শীঘ্রই গোসাবায় আসবেন মুখ্যমন্ত্রী।

গোসাবার কিষাণ মাণ্ডিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর জাতীয় পতাকা উত্তোলনের কথা ছিল। তাঁকে ঘিরে সুন্দরবনে আগে থেকেই শুরু হয়েছিল জোরদার প্রশাসনিক প্রস্তুতি। নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছিল কড়া। কিন্তু এদিন সকাল থেকেই শুরু হয় বৃষ্টি। হেলিকপ্টারে করে গোসাবায় পৌঁছনোর কথা ছিল মুখ্যমন্ত্রীর। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে হেলিকপ্টার অবতরণের অনুমতি মেলেনি। হেলিপ্যাড সংলগ্ন এলাকায় সকাল থেকেই শুরু হয় প্রবল বৃষ্টি। অনুষ্ঠানস্থলেও চলে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির দাপট। পরিস্থিতির কথা মাথায় রেখে শেষ মুহূর্তে বাতিল করা হয় মুখ্যমন্ত্রীর সফর।

শুভেন্দু অধিকারী না আসায় গোসাবায় জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক অভিষেক তিওয়ারি। এ প্রসঙ্গে দীপঙ্কর জানা বলেন, মুখ্যমন্ত্রী গোসাবার মাটিতে এসে সাধারণ মানুষের উদ্দেশে বার্তা দেওয়ার জন্য অত্যন্ত আগ্রহী ছিলেন। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে তাঁকে সফর বাতিল করতে হয়েছে। খুব শীঘ্রই মুখ্যমন্ত্রীকে গোসাবায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, শনিবার রেড রোডে আয়োজিত ৮০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রথম রেড রোডে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদানের পর জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী। কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য ১৪ জন আইপিএস আধিকারিককে দেওয়া হয় ‘মুখ্যমন্ত্রীর পদক’।

এরপর প্যারেডে অংশ নেন কম্যান্ডার ও সহকারী কম্যান্ডার। কুচকাওয়াজ শেষে একে একে মোট ১২টি ট্যাবলো প্রদর্শিত হয়। ছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ট্যাবলোও। এরপর অন্নামৃত, কন্যারত্ন ও অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান আরোগ্য মন্দির, দুর্গাশক্তি বাহিনী, কলকাতা পুলিশ এবং কলকাতা পুরসভার বিভিন্ন ট্যাবলো তুলে ধরা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.