রাজনীতিরাজ্য

তৃণমূলে আরও বড় ধাক্কা! জাতীয় মুখপাত্রের পদ ছাড়লেন শান্তনু সেন, মমতাকে পাঠালেন ইস্তফাপত্র

বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর তৃণমূল কংগ্রেসের অন্দরে অসন্তোষ আরও স্পষ্ট হচ্ছে। এবার দলের জাতীয় মুখপাত্রের পদ থেকে ইস্তফা দিলেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। সরাসরি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

ইস্তফাপত্রে শান্তনু সেন স্পষ্ট ভাষায় জানিয়েছেন, আর জি কর কাণ্ড, চাকরি বিক্রি-সহ একাধিক দুর্নীতির অভিযোগ এবং দলের কিছু নেতার অনৈতিক কর্মকাণ্ড তাঁকে গভীরভাবে আঘাত করেছে। এমন পরিস্থিতিতে দলের হয়ে প্রকাশ্যে সাফাই দেওয়া বা দলের অবস্থানকে সমর্থন করা তাঁর পক্ষে আর সম্ভব নয় বলেই দাবি করেছেন তিনি।

শান্তনু লেখেন, বাংলার মানুষ ২০২৬ সালের নির্বাচনে ভোটের মাধ্যমে স্পষ্ট বার্তা দিয়েছেন। দুর্নীতি ও বিতর্কিত ঘটনাগুলির বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে বলেই বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। সেই গণরায়কে সম্মান জানিয়েই তিনি দলের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

একসময় তৃণমূলের অন্যতম পরিচিত মুখ ছিলেন শান্তনু সেন। দলের জাতীয় মুখপাত্র হিসেবে বিভিন্ন বিতর্কিত ইস্যুতে প্রকাশ্যে দলকে রক্ষা করতে দেখা গিয়েছে তাঁকে। তবে আর জি কর আন্দোলনের সময় থেকেই দলের বিরুদ্ধে সরব হতে শুরু করেন তিনি। এমনকি দলের কিছু নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তুলেছিলেন। সেই সময় তাঁকে সাসপেন্ডও করা হয়েছিল। যদিও ভোটের আগে তাঁর সাসপেনশন তুলে নেয় তৃণমূল নেতৃত্ব।

রাজনৈতিক মহলের মতে, কাকলি ঘোষ দস্তিদার, সুশান্ত ঘোষ ও অরূপ চক্রবর্তীর পর শান্তনু সেনের ইস্তফা তৃণমূলের অন্দরের অস্বস্তিকে আরও সামনে এনে দিল। বিশেষ করে নির্বাচনে পরাজয়ের পর দলের ভেতরে যে চাপা ক্ষোভ তৈরি হয়েছে, শান্তনুর পদত্যাগ সেই জল্পনাকেই আরও উসকে দিল।

এদিকে শান্তনু সেনের পদত্যাগ নিয়ে এখনও পর্যন্ত তৃণমূল নেতৃত্বের তরফে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.