দশ বছর আগে, এই ভারতের মাটিতেই টি-২০ বিশ্বকাপের ফাইনালে ইডেন গার্ডেন্সে লেখা হয়েছিল এক অবিস্মরণীয় রূপকথা। শেষ ওভারে চারটি ছক্কায় ইংল্যান্ডের হাতছাড়া হয়েছিল নিশ্চিত ট্রফি, শিরোপা উঠেছিল ওয়েস্ট ইন্ডিজের হাতে। এক দশকের সেই যন্ত্রণার প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগ এবারও এসেছিল ভারতের মাটিতেই। কিন্তু ইতিহাস বদলানোর বদলে, ওয়াংখেড়ের আলো-আঁধারিতে আবারও ক্যারিবিয়ান শক্তির সামনে আত্মসমর্পণ করল ব্রিটিশ সিংহরা।
বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। শুরুটা আশাব্যঞ্জকই ছিল। মাত্র ৮ রানের মধ্যে দুই উইকেট তুলে নিয়ে চাপে ফেলে দেওয়া হয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। কিন্তু সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন শিমরন হেটমায়ার ও রস্টন চেজ। তাঁদের ধৈর্যশীল জুটি ইনিংসকে স্থিতি দেয়, যার উপর ভর করে পরবর্তী ঝড়ের ভিত গড়ে ওঠে।
তারপর মঞ্চে আসেন শেরফান রাদারফোর্ড ও জেসন হোল্ডার। ইংল্যান্ডের তথাকথিত ‘বাজবল’ দর্শনকেই যেন পাল্টা অস্ত্রে পরিণত করেন দুই ক্যারিবিয়ান ব্যাটার। রাদারফোর্ড ৪২ বলে ৭৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন, আর হোল্ডার মাত্র ১৭ বলে ৩৩ রান যোগ করেন দ্রুতগতিতে। শেষ পর্যন্ত এক সময়ের চাপে পড়া ওয়েস্ট ইন্ডিজ থামে ১৯৬ রানে— প্রতিযোগিতামূলক এবং চ্যালেঞ্জিং স্কোর।
১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালই করেছিলেন ফিল সল্ট। ১৪ বলে ৩০ রান করে তিনি মঞ্চ প্রস্তুত করেন। কিন্তু তারপরই ভেঙে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ। জস বাটলার, টম ব্যান্টন, উইল জ্যাকস থেকে অধিনায়ক ব্রুক— কেউই দায়িত্ব নিতে পারলেন না। অতি আগ্রাসনের মূল্য চোকাতে হয় একে একে উইকেট হারিয়ে। শেষদিকে স্যাম কুরান কিছুটা লড়াই করলেও ম্যাচ ফেরানোর মতো সমর্থন পাননি।
ফিল্ডিং হোক বা ব্যাটিং— দুই ক্ষেত্রেই ভাল শুরু করেও ছন্দ ধরে রাখতে ব্যর্থ ইংল্যান্ড। নেপালের বিরুদ্ধে সঙ্কীর্ণ জয় যে ছিল সতর্কবার্তা, তা স্পষ্ট হল এই পরাজয়ে। বড় ব্যবধানে হারের ফলে পয়েন্ট টেবিলে তারা নেমে এসেছে তৃতীয় স্থানে। স্কটল্যান্ড ও ইতালির বিরুদ্ধে বাকি দুই ম্যাচ এখন কার্যত ‘ডু অর ডাই’। একটি হোঁচটই শেষ করে দিতে পারে বিশ্বকাপ অভিযান।
অন্যদিকে, পরপর দুই জয়ে সুপার এইটে কার্যত নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। দশ বছর আগের স্মৃতি যেমন এখনও তাজা, তেমনই নতুন প্রজন্মের হাতেও যে সেই আগ্রাসন ও আত্মবিশ্বাস অটুট— ওয়াংখেড়ের রাত তারই প্রমাণ রেখে গেল।







