অনুপম জানা: পশ্চিম মেদিনীপুরের ঘাটালে পেয়ারা গাছে মিলল প্রায় ৫০০ গ্রাম ওজনের একটি ক্যামেলিয়ন। বিরল এই সরীসৃপকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় ঘাটাল থানার কুরাণ গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের বাসিন্দা কার্তিক পণ্ডিতের বাড়ির পেয়ারা গাছে আচমকাই ক্যামেলিয়নটিকে দেখতে পান পরিবারের সদস্যরা। খবর ছড়িয়ে পড়তেই সেটিকে দেখতে স্থানীয়দের ভিড় জমে যায়।
এরপর বিষয়টি জানানো হয় বনদপ্তরকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বনদপ্তরের কর্মীরা। তাঁরা ক্যামেলিয়নটিকে নিরাপদে উদ্ধার করে নিয়ে যান। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া সরীসৃপটির ওজন প্রায় ৫০০ গ্রাম। আপাতত সেটিকে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে।
বিরল এই প্রাণীটি লোকালয়ে কীভাবে পৌঁছল, তা নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, বন্যপ্রাণী লোকালয়ে ঢুকে পড়লে তাকে ধরার বা আঘাত করার চেষ্টা না করে সংশ্লিষ্ট বনদপ্তরকে খবর দেওয়াই উচিত।
বনদপ্তরের তরফেও সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হয়েছে, কোথাও ক্যামেলিয়ন বা অন্য কোনও বন্যপ্রাণী দেখতে পেলে তাকে বিরক্ত না করে দ্রুত বনদপ্তরকে খবর দিতে। এতে প্রাণীটিকে যেমন নিরাপদে উদ্ধার করা সম্ভব হবে, তেমনই মানুষেরও ঝুঁকি কমবে।
এদিকে, এই ঘটনা নিয়ে পশুপ্রেমী অভিজিৎ সামন্তও সাধারণ মানুষকে সচেতন হওয়ার আবেদন জানিয়েছেন। ক্যামেলিয়ন উদ্ধারের ঘটনায় ফের সামনে এল বন্যপ্রাণী সংরক্ষণ এবং সচেতনতার প্রয়োজনীয়তা।







