বিদেশ ভ্রমণে অতিরিক্ত কর বা সেস বসানোর জল্পনা ঘিরে দেশজুড়ে তৈরি হওয়া বিভ্রান্তির অবসান ঘটালেন প্রধানমন্ত্রী Narendra Modi। শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে তিনি স্পষ্ট জানিয়ে দেন, বিদেশ যাত্রায় নতুন কোনও কর আরোপের পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের নেই।
সম্প্রতি পশ্চিম এশিয়ার অস্থিরতা এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের চাপ বৃদ্ধির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী দেশবাসীকে জ্বালানি সাশ্রয়ের বার্তা দিয়েছিলেন। তিনি অপ্রয়োজনে বিদেশ ভ্রমণ এড়ানোর পরামর্শ দেন। এরপরই একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়, কেন্দ্র বিদেশ সফরের উপর অতিরিক্ত সেস বসানোর বিষয়টি বিবেচনা করছে। রিপোর্টে বলা হয়েছিল, এই কর এক বছরের জন্য কার্যকর হতে পারে এবং সেই অর্থ সরাসরি কেন্দ্রীয় সরকারের তহবিলে যাবে।
এই খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। পরিস্থিতি জটিল হওয়ার আগেই প্রধানমন্ত্রী নিজেই বিষয়টি নিয়ে মুখ খোলেন। সংশ্লিষ্ট রিপোর্টটি শেয়ার করে তিনি লেখেন, “এই খবর সম্পূর্ণ ভুয়ো। এর মধ্যে কোনও সত্যতা নেই। বিদেশ ভ্রমণে অতিরিক্ত কর আরোপের প্রশ্নই ওঠে না।”
প্রধানমন্ত্রীর এই প্রতিক্রিয়ার পর সংশ্লিষ্ট সংবাদমাধ্যমও তাদের রিপোর্ট প্রত্যাহার করে নেয়। তারা প্রকাশ্যে ক্ষমা চেয়ে জানায়, প্রকাশিত তথ্য সঠিক ছিল না এবং সেই ভুলের জন্য তারা দুঃখিত।
উল্লেখ্য, জ্বালানি সাশ্রয়ের জন্য কেন্দ্র ইতিমধ্যেই নাগরিকদের কারপুলিং, গণপরিবহন ব্যবহার, ওয়ার্ক ফ্রম হোম এবং অপ্রয়োজনীয় খরচ কমানোর পরামর্শ দিয়েছে। প্রধানমন্ত্রীও সাম্প্রতিক বিদেশ সফরে নিজের কনভয়ের গাড়ির সংখ্যা কমিয়ে বার্তা দিয়েছেন— সম্পদ সাশ্রয় এখন সময়ের দাবি।







