প্রায় ন’মাস পর অবশেষে জেলে বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করার সুযোগ পেলেন তাঁর পরিবারের সদস্যরা। মঙ্গলবার আদিয়ালা জেলে গিয়ে ইমরানের সঙ্গে সাক্ষাৎ করেন তাঁর বোন নূরিন নিয়াজি এবং স্ত্রী বুশরা বিবি। দীর্ঘদিন ধরে সাক্ষাতের উপর নিষেধাজ্ঞা থাকায় এই দেখা ঘিরে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে বিশেষ আগ্রহ।
ইমরানের শারীরিক অবস্থা নিয়েও বেশ কিছুদিন ধরেই নানা প্রশ্ন উঠছিল। এর মধ্যেই বড়সড় স্বস্তি পেল তাঁর পরিবার। চিকিৎসার জন্য ইমরান খানকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। তাঁর স্বাস্থ্য পরীক্ষা করতে বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি ব্যক্তিগত চিকিৎসক ফয়সাল সুলতানকে নিয়ে মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশও দেওয়া হয়েছে।
আদালত আরও জানিয়েছে, ইমরানের পরিবারের সদস্যরা প্রতি সপ্তাহে তাঁর সঙ্গে দেখা করতে পারবেন। এমনকি তাঁর ছেলেদের সঙ্গে ফোনে কথা বলার অনুমতিও দিতে হবে জেল কর্তৃপক্ষকে।
সুপ্রিম কোর্টের নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই নূরিন নিয়াজিকে ইমরানের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়। প্রায় ১৫ মিনিট তাঁদের মধ্যে কথা হয়। সূত্রের খবর, সাক্ষাতের সময় ইমরানের শারীরিক পরিস্থিতির খোঁজ নেওয়ার পাশাপাশি হাসপাতাল সংক্রান্ত আদালতের নির্দেশ এবং কয়েকটি আইনি বিষয় নিয়েও আলোচনা করেন নূরিন।
এরপর ইমরানের স্ত্রী বুশরা বিবিও তাঁর সঙ্গে দেখা করেন। প্রায় ৩০ থেকে ৩৫ মিনিট তাঁদের মধ্যে কথাবার্তা হয় বলে জেল সূত্রে খবর। সাক্ষাতের আগে বুশরা তাঁর মেয়ে মুবাশশারা শেখ এবং ননদ মেহরুন্নিসার সঙ্গেও দেখা করেন।
উল্লেখ্য, জেলে হামলার আশঙ্কা সংক্রান্ত গোয়েন্দা রিপোর্ট সামনে আসার পর চলতি বছরের শুরুতে ইমরানের সঙ্গে পরিবারের সদস্যদের সাক্ষাতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। দীর্ঘ বিরতির পর ফের পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ পাওয়ায় ইমরানের স্বাস্থ্যের পাশাপাশি তাঁর পরবর্তী চিকিৎসা নিয়েও নতুন করে আশার আলো দেখছে তাঁর পরিবার।






