একটা ট্রফি জয় কেবল আনন্দ নয়, বড়ো দায়িত্বও বটে। আরসিবি-র ট্রফি উদ্যাপন ঘিরে প্রাণ হারালেন ১১ জন। সেই মর্মান্তিক ঘটনায় এবার সরাসরি দায়ী করা হল বিরাট কোহলিকে! কর্নাটক সরকারের দাবি, কোহলির একটি ভিডিয়োই মূলত বিপদের বীজ বপন করেছিল—যেখানে তিনি সমর্থকদের উদ্যাপনে যোগ দিতে আহ্বান জানান।
হাই কোর্টে পেশ করা রিপোর্টে বলা হয়েছে, কোহলির ভিডিয়োর প্রভাবে ব্যাপক ভিড় জমে যায় বেঙ্গালুরুর আরসিবি-র উদ্যাপন স্থলে। সঙ্গে যুক্ত হয়েছে আয়োজক ডিএনএ এন্টারটেনমেন্ট, কর্নাটক রাজ্য ক্রিকেট সংস্থা এবং আরসিবি-র মধ্যে সমন্বয়ের অভাব। এর জেরে মাঠের গেট দেরিতে খোলার মতো মারাত্মক ত্রুটি দেখা দেয়, যা সরাসরি পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি করে।
সরকারের আরও বিস্ফোরক দাবি, পুলিশ সেদিন কার্যত আরসিবি-র ‘ভৃত্য’ হয়ে উঠেছিল। অনুমতি না থাকা সত্ত্বেও নিরাপত্তার ব্যবস্থা করা হয়, এবং সাধারণ মানুষকে সচেতন করার কোনও প্রচেষ্টাও করা হয়নি। এমনকি কমিশনার পর্যায়ের আধিকারিকের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে সরকার।
এখন প্রশ্ন—একটি ভিডিও আহ্বানই কি দায়ী ১১টি প্রাণ যাওয়ার জন্য? নাকি ব্যর্থ প্রশাসনিক সমন্বয় এবং নিরাপত্তা গাফিলতি এই দুর্ভাগ্যজনক ঘটনার প্রকৃত কারণ? বিতর্কের আঁচ ছড়িয়েছে জাতীয় পর্যায়ে। বিচার এখন আদালতের দরজায়।







