টি-টোয়েন্টির সবচেয়ে বিধ্বংসী অলরাউন্ডারদের তালিকায় নাম লেখা আন্দ্রে রাসেল চলেছেন তাঁর আন্তর্জাতিক অধ্যায়ের ইতি টানতে। আগামী সপ্তাহে জামাইকায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ়ের প্রথম দু’টি ম্যাচেই শেষ বার দেশের জার্সি গায়ে দেখা যাবে তাঁকে। সব কিছু ঠিক থাকলে সাবাইনা পার্কেই নাম লেখানো হবে রাসেলের শেষ আন্তর্জাতিক ইনিংস।
২০১২ এবং ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বজয়ের দলের সদস্য এই ক্যারিবিয়ান ক্রিকেটার দেশের হয়ে ৮৪টি ম্যাচে রান করেছেন ১০৭৮, নিয়েছেন ৬১ উইকেট। স্ট্রাইক রেট ১৬৩.০৮ এবং বল হাতে ৩০-এর নিচে গড়—সব মিলিয়ে ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে ভয়ডরহীন এই ক্রিকেটার ছিলেন ক্যারিবিয়ান বাহিনীর অন্যতম অস্ত্র।
কিন্তু প্রশ্ন উঠছে, সাত মাস পর শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কেন এমন সিদ্ধান্ত? অভিজ্ঞতা ও শক্তির মিশেল থাকা রাসেলকে দলের বাইরে দেখতে চায়নি অনেকেই। তার মধ্যেই পুরান-রাসেল পরপর অবসর ঘোষণা করায় আবারও আলোচনায় ক্যারিবিয়ান বোর্ডের অভ্যন্তরীণ অব্যবস্থাপনা ও ক্রিকেটারদের সঙ্গে দূরত্ব।
এখন সবার নজর আইপিএল-এর দিকে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও রাসেলকে কি দেখা যাবে কেকেআরের জার্সিতে? নাইট সমর্থকদের কাছে তিনি একজন আবেগের নাম। তবে তাঁর ফিটনেস, চুক্তি ও মনোভাবে এখনও রয়েছে কিছু প্রশ্ন। রাসেলের ব্যাটে এখনও ঝড় তোলা বাকি কি না, উত্তর দেবে সময়ই।







