ব্রাজিল ফুটবলের একসময়ের সবচেয়ে উজ্জ্বল তারকা নেইমার জুনিয়র এখন কেরিয়ারের এক কঠিন সন্ধিক্ষণে। চোট, অনিয়মিত পারফরম্যান্স ও দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা—সব মিলিয়ে তাঁর ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
এক সাম্প্রতিক সাক্ষাৎকারে নেইমার জানিয়েছেন, তিনি এখন “একটা একটা করে বছর ধরে” এগোতে চান। তাঁর কথায়, “এ বছরটা আমার ও ব্রাজিলের জন্য খুব গুরুত্বপূর্ণ। নিজের সেরাটা দিতে চাই। তারপর ডিসেম্বরে এসে অবসর নিয়ে ভাবতে পারি।” ৩৪ বছরের এই তারকা আরও বলেন, “পরের বছর কী হবে জানি না, যা মন বলবে তাই করব।”
২০২৩ সাল থেকে পেশির চোটে ভুগছেন নেইমার। অস্ত্রোপচারের পরও পুরোপুরি ফিট হয়ে মাঠে ফেরা তাঁর জন্য কঠিন হয়ে উঠেছে। ব্রাজিল জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলেছেন ২০২৩ সালের অক্টোবর মাসে। এরপর দীর্ঘ সময় তিনি দলের বাইরে। কোচ অ্যান্সেলোত্তির অধীনে এখনো খেলার সুযোগ না পাওয়ায় জাতীয় দলে তাঁর ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, চলতি বিশ্বকাপ বছর হওয়ায় এ সময় নিজেকে প্রমাণ করার বড় সুযোগ ছিল নেইমারের সামনে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাঁর বিশ্বকাপ খেলার সম্ভাবনা নিয়েই সংশয় দেখা দিয়েছে। প্রশ্ন উঠছে—ব্রাজিল ফুটবলের এই তারকা কি সত্যিই দ্রুত অবসরের পথে হাঁটছেন, নাকি ফিরবেন পুরোনো রূপে?
সময়ই দেবে এর উত্তর।







