রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গত কয়েক দিনে জঙ্গি সন্দেহে একাধিক গ্রেফতারের ঘটনা সামনে এসেছে। এই পরিস্থিতিতে সন্ত্রাস ও অপরাধ দমনে পুলিশের পরিকাঠামো আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নিল নবান্ন। বুধবার মন্ত্রিসভার বৈঠকে রাজ্যে ‘অ্যান্টি টেররিস্ট স্কোয়াড’ (ATS) এবং ‘অ্যান্টি নারকোটিক্স টাস্ক ফোর্স’ (ANTF) গঠনের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। প্রশাসনের মতে, সন্ত্রাসবাদ ও মাদক পাচারের মতো সংগঠিত অপরাধ মোকাবিলায় বিশেষ বাহিনী গড়ে তোলাই এই সিদ্ধান্তের প্রধান উদ্দেশ্য।
মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশের মডেল অনুসরণ করে বাংলাতেও ATS তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। নতুন এই বাহিনীর কাঠামো কী হবে, তা নিয়ে ইতিমধ্যেই প্রাথমিক খসড়া তৈরি করেছে নবান্ন। এ নিয়ে প্রশাসনিক স্তরে একাধিক বৈঠকও হয়েছে। বর্তমানে জঙ্গি দমনের জন্য কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের পৃথক দু’টি STF রয়েছে। নবান্ন সূত্রের খবর, ভবিষ্যতে এই দুই বাহিনীকে একত্রিত করে একটি অভিন্ন STF গঠনের পরিকল্পনাও রয়েছে।
রাজ্য পুলিশের DGP সিদ্ধনাথ গুপ্তার তত্ত্বাবধানে ANTF গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছে। এই বাহিনীর কাজ আরও কার্যকরভাবে পরিচালনার জন্য দুর্গাপুর, মালদা, খড়গপুর এবং নদিয়ায় চারটি পৃথক ANTF থানা তৈরি করা হবে। এই চার থানাকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের বিভিন্ন স্তরে মোট ৫৯১টি নতুন পদ তৈরির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে নিষিদ্ধ মাদকের প্রবেশ, পাচার এবং তার সঙ্গে যুক্ত চক্রের বিরুদ্ধে আরও সমন্বিত অভিযান চালানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, জঙ্গি কার্যকলাপ মোকাবিলায় ATS-এর জন্য ৪৬১টি নিয়মিত পদ তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। এর পাশাপাশি তথ্যপ্রযুক্তি সংক্রান্ত কাজের জন্য পাঁচজন সফটওয়্যার ডেভেলপারকে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। অর্থাৎ ANTF এবং ATS মিলিয়ে মোট ১,০৫৭টি পদ তৈরি হচ্ছে।
শুধু সন্ত্রাস ও মাদক দমন নয়, সাধারণ নিরাপত্তা এবং প্রশাসনিক ব্যবস্থাকেও আরও শক্তিশালী করার একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অধীন সূর্যপুরে একটি নতুন গ্রামীণ পুলিশ ফাঁড়ি তৈরি করা হবে। এর জন্য ১৯টি পদ অনুমোদন করা হয়েছে। পাশাপাশি নারী নির্যাতন সংক্রান্ত রাজ্য মহিলা কমিশনের জন্য ৬৮টি এবং Institutional Corruption Commission-এর জন্য ৫৭টি পদ তৈরির অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়াও হাইকোর্টের কার পুলের জন্য ১০টি ড্রাইভার পদ এবং পুজো দাসের জন্য একটি কনস্টেবল পদ তৈরির সিদ্ধান্ত হয়েছে। সব মিলিয়ে মন্ত্রিসভার অনুমোদনে নতুন পদ তৈরি হচ্ছে ১,২১৮টি।
প্রশাসনিক সূত্রের দাবি, অপরাধের ধরন দ্রুত বদলাচ্ছে। আন্তর্জাতিক মাদক পাচারচক্রের পাশাপাশি আধুনিক জঙ্গি হামলার সম্ভাব্য হুমকি মোকাবিলায় বিশেষায়িত বাহিনী থাকা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলার বিভিন্ন জায়গা থেকে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে একাধিক ব্যক্তিকে গ্রেফতারের পরই ATS ও ANTF গঠনের সিদ্ধান্তে মন্ত্রিসভার অনুমোদন মিলেছে। এর মধ্যে বর্ধমান থেকে জঙ্গি কার্যকলাপের সন্দেহে হামিম মণ্ডলকে গ্রেফতারের ঘটনাটিও উল্লেখযোগ্য।
মন্ত্রিসভার ছাড়পত্র মেলায় এবার ATS এবং ANTF-এর জন্য দ্রুত নিয়োগ প্রক্রিয়া ও প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির কাজ শুরু হতে পারে। সরকারের লক্ষ্য, মাদক পাচার, সন্ত্রাসবাদ এবং সংগঠিত অপরাধ মোকাবিলায় এই দুই বিশেষ বাহিনীকে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে গড়ে তোলা।
এক নজরে নতুন পদ:
* ANTF — ৫৯১
* ATS — ৪৬৬ (৪৬১ নিয়মিত + ৫ চুক্তিভিত্তিক সফটওয়্যার ডেভেলপার)
* ল’ অফিসার — ৬
* নারী নির্যাতন সংক্রান্ত কমিশন — ৬৮
* Institutional Corruption Commission — ৫৭
* সূর্যপুর পুলিশ ফাঁড়ি — ১৯
* হাইকোর্টের কার পুল — ১০ ড্রাইভার
* পুজো দাসের জন্য — ১ কনস্টেবল
* মোট — ১,২১৮টি পদ







