জেলা

বোমা আতঙ্কে কাঁপল করণদিঘির মতিগঞ্জ গ্রাম! মাছ ব্যবসায়ীর বাড়িতে পরপর দুটি বোমা নিক্ষেপ, হুমকি এসেছিল বাংলাদেশের নম্বর থেকে

বোমার আতঙ্কে ঘুম ছুটেছে করণদিঘির মতিগঞ্জ গ্রামের। সোমবার গভীর রাতে আতঙ্ক ছড়াল আলতাপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মতিগঞ্জ এলাকায়, যখন পেশায় মাছ ব্যবসায়ী সেকেন্দার আলির বাড়িতে পরপর দুটি বোমা নিক্ষেপ করে চমকে দিল একদল দুষ্কৃতী।

গভীর রাতে আচমকা এই বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। আতঙ্কে পরিবারের সদস্যরা ছুটে বাইরে বেরিয়ে আসেন। বোমা বিস্ফোরণের এই মুহূর্ত ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরাতেও। ইতিমধ্যেই সেই ফুটেজ পৌঁছে গেছে পুলিশের হাতে।

স্থানীয় সূত্রে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সেকেন্দার আলির ফোনে কয়েকদিন আগেই একটি হোয়াটসঅ্যাপ কল আসে, যার নম্বরটি বাংলাদেশের। সেই কলের মাধ্যমে তাকে হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। টাকা না দিলে ‘ভয়ানক পরিণতির’ হুমকিও দেওয়া হয় বলে দাবি ব্যবসায়ীর।

এরপরই ঘটে বোমা হামলার ঘটনা। ঘটনার পর আতঙ্কে থাকা সেকেন্দার আলির পরিবার এবং গ্রামবাসীরা তড়িঘড়ি খবর দেন পুলিশে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় করণদিঘী থানার পুলিশ। চলছে গোটা ঘটনার গভীর তদন্ত।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্ভাব্য সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। কী উদ্দেশ্যে এই হামলা? আন্তর্জাতিক যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বাংলাদেশের নম্বর থেকে আসা হুমকি ঘিরে তদন্তে নেমেছে সাইবার সেলও।

এলাকাবাসীর স্পষ্ট দাবি— “এত বড় সাহস কোথা থেকে পেল দুষ্কৃতীরা? পুলিশ দোষীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক।”

ঘটনার গুরুত্ব ও আন্তর্জাতিক যোগ ঘিরে নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। তদন্তের উপর কড়া নজর রাখছে পুলিশ সদর দফতরও।

এই ঘটনাকে কেন্দ্র করে মতিগঞ্জ গ্রামে এখনও চাপা আতঙ্ক। নিরাপত্তা জোরদার করতে এলাকায় টহলদারি শুরু করেছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.