জেলা

হাওড়া স্টেশনে জলযন্ত্রণা কমাতে বড়সড় পরিকল্পনা, রেল-পুরসভার যৌথ উদ্যোগে বদলাবে নিকাশি ব্যবস্থা

বর্ষা এলেই জলমগ্ন হয়ে পড়ে হাওড়া স্টেশন ও সংলগ্ন বিস্তীর্ণ এলাকা। কখনও স্টেশন চত্বর, কখনও রেললাইন সংলগ্ন এলাকা কিংবা লিমিটেড হাইট সাবওয়ে—ভারি বৃষ্টিতে জমা জলের কারণে নাজেহাল হতে হয় যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের। এবার সেই দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে বড় পদক্ষেপ করল পূর্ব রেল ও হাওড়া পুরনিগম।

জলাবদ্ধতা মোকাবিলায় সম্প্রতি উচ্চপর্যায়ের সমন্বয় বৈঠকে বসেন রেল, পুরসভা, রাজ্য সরকারের বিভিন্ন দফতর এবং সংশ্লিষ্ট সংস্থার আধিকারিকরা। বৈঠকে হাওড়া স্টেশন ও আশপাশের এলাকায় জল কোথা থেকে আসছে, কোন পথে তা জমছে এবং শেষ পর্যন্ত কোন পথে বেরিয়ে যাচ্ছে—পুরো নিকাশি ব্যবস্থার প্রবাহপথ নতুন করে খতিয়ে দেখার সিদ্ধান্ত হয়েছে।

সমস্যার সমাধানে রেল ও পুরসভার আধিকারিকরা যৌথভাবে জলমগ্ন এলাকাগুলি পরিদর্শন করবেন। প্রয়োজনে নিকাশি ব্যবস্থার শেষ প্রান্ত, এমনকি হুগলি নদী পর্যন্ত সম্ভাব্য জল বেরনোর পথও পরীক্ষা করা হবে।

ময়নাকপাড়া ও গোলাবাড়ি পাম্পিং স্টেশনের ক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজন হলে অতিরিক্ত পাম্প বসানোর বিষয়েও ভাবনাচিন্তা করা হচ্ছে। ইতিমধ্যেই হাওড়া ডিভিশনে চালু হয়েছে স্বয়ংক্রিয় অনলাইন পাম্পিং মনিটরিং ব্যবস্থা। ফলে পাম্পের কার্যকারিতা ও জলস্তরের পরিস্থিতি রিয়েল-টাইমে নজরে রাখা সম্ভব হবে।

শুধু হাওড়া স্টেশন নয়, রানি ঝিল, বামনগাছি, লিলুয়া, কোনা মোড়, টিকিয়াপাড়া-সহ একাধিক এলাকার নিকাশি সমস্যাও বৈঠকে উঠে এসেছে। হুগলি নদীর দিকে উপযুক্ত আউটফল তৈরি, নিকাশি সংযোগ শক্তিশালী করা এবং জল ধারণের জন্য পুকুর-ঝিল ব্যবহারের সম্ভাবনাও খতিয়ে দেখা হবে।

এর পাশাপাশি নিকাশি নালায় আবর্জনা জমে যাতে জলপ্রবাহ বন্ধ না হয়, সেজন্য নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার উপর জোর দেওয়া হয়েছে। জল বেরনোর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে ড্রোনের মাধ্যমে নজরদারির পরিকল্পনাও রয়েছে।

রেল সূত্রে খবর, বালি, ডবসন রোড, চার্চ রোড, দশরথ ঘোষ লেন, চাঁদমারি ব্রিজ এবং কারশেড এলাকার নিকাশি সমস্যাকেও পরিকল্পনার আওতায় রাখা হয়েছে। লক্ষ্য একটাই—ভারি বৃষ্টির সময় দ্রুত জল নামানো এবং হাওড়া স্টেশনকে জলাবদ্ধতার ভোগান্তি থেকে দীর্ঘমেয়াদে মুক্ত করা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.