মার্কিন নিষেধাজ্ঞাকে ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠল আমেরিকা ও ইরানের সম্পর্ক। ওয়াশিংটনের নতুন নিষেধাজ্ঞার তীব্র বিরোধিতা করে এবার সরাসরি আন্তর্জাতিক মঞ্চে বড়সড় বার্তা দিল তেহরান। ইরানের দাবি, এই নিষেধাজ্ঞা শুধু ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ তৈরি করছে না, বরং বিশ্বের অন্যান্য স্বাধীন রাষ্ট্রের সার্বভৌম সিদ্ধান্ত নেওয়ার অধিকারকেও প্রশ্নের মুখে ফেলছে।
ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের অভিযোগ, আমেরিকা অন্য দেশগুলির সরকার, ব্যাঙ্ক, ব্যবসায়িক প্রতিষ্ঠান এমনকি বিমানবন্দরগুলিকেও ইরানের সঙ্গে কীভাবে বাণিজ্য করতে হবে, সেই সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইছে। তাঁর মতে, কোনও সার্বভৌম রাষ্ট্রের সঙ্গে বৈধ বাণিজ্য করবে কি না, সেই সিদ্ধান্ত অন্য কোনও দেশের নির্দেশে নেওয়া উচিত নয়।
বাঘাই আরও দাবি করেছেন, তৃতীয় কোনও দেশের সংস্থা বা প্রতিষ্ঠানের উপর এ ধরনের ‘সেকেন্ডারি নিষেধাজ্ঞা’র আন্তর্জাতিক আইনে কোনও বৈধ ভিত্তি নেই। তাঁর বক্তব্য, এই ধরনের পদক্ষেপ রাষ্ট্রগুলির সার্বভৌম সমতার মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক।
ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্রের কথায়, বিষয়টি এখন আর শুধুমাত্র ওয়াশিংটন ও তেহরানের দ্বিপাক্ষিক বিরোধের মধ্যে সীমাবদ্ধ নেই। অন্য দেশগুলি যদি মার্কিন চাপের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়, তাহলে নিজেদের অর্থনৈতিক ও রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে পারে।
এমন পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করে বাঘাই ‘ঔপনিবেশিকতা’র প্রসঙ্গও তোলেন। তাঁর সতর্কবার্তা, বিশ্বের দেশগুলি যদি এই ধরনের চাপ মেনে নেয়, তাহলে ভবিষ্যতে জাতীয় সার্বভৌমত্ব আরও দুর্বল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
ইরান দীর্ঘদিন ধরেই মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে সরব। তবে এবার তেহরানের বক্তব্যে শুধু নিজেদের অর্থনৈতিক স্বার্থের কথা নয়, বরং আন্তর্জাতিক ব্যবস্থায় রাষ্ট্রগুলির স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার অধিকারকেই সামনে আনা হয়েছে। ফলে ইরান-মার্কিন সংঘাতের পাশাপাশি এই নিষেধাজ্ঞা নিয়ে আন্তর্জাতিক মহলেও নতুন করে বিতর্ক তৈরি হতে পারে।







