তৃণমূলের রাজ্যসভা সাংসদ সুখেন্দুশেখর রায়কে গতকাল দুই দফায় তলব করা হয়েছিল লালবাজারের তরফে। তবে তিনি যাননি। এবং তিনি যে তাঁর জায়গায় অনড় থাকছেন, সেকথাও সাফ জানান। গতকাল রাতে তিনি এক ইঙ্গিতবহ পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়৷ ইউটিউব থেকে একটি গানের লিঙ্ক। গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমি ভয় করব না’। সঙ্গে অবশ্য কোনও ক্যাপশন ছিল না। তবে অধিকাংশের মতে, পুলিসি তলবের প্রেক্ষিতে এই বার্তাদান সুখেন্দুশেখরের।
আরজিকরকাণ্ড এবং তার তদন্ত সংক্রান্ত ভ্রান্ত তথ্য ছড়ানোর অভিযোগে সুখেন্দুকে ডেকে পাঠানো হয় লালবাজারে। এই মর্মান্তিক ঘটনা প্রসঙ্গে সমাজমাধ্যমে একাধিক মন্তব্য করেন সুখেন্দু। এছাড়াও, কলকাতার পুলিস কমিশনার বিনীত গোয়েলকে সিবিআই হেফাজতে নিয়ে জেরা করার পরামর্শও দেন তৃণমূল সাংসদ।
আবার অন্যদিকে, সিপি-কে গ্রেফতারির দাবিতে করা সুখেন্দুর পোস্টের জবাবে পালটা পোস্ট করেন তৃণমূল নেতা কুণাল ঘোষও। কুণাল লেখেন, ‘আমিও আরজিকর মামলায় বিচার চাই। তবে পুলিস কমিশনারকে নিয়ে করা এই মন্তব্যের তীব্র ভাষায় সমালোচনা করছি আমি। এই মামলার বিষয়ে জানতে পেরে তিনি নিজের সর্বস্ব দিয়েছেন। ব্যক্তিগত ভাবে পুলিস কমিশনার নিজের কাজ করে গিয়েছেন এবং তদন্তকে ইতিবাচক দিকেই এগিয়ে নিয়ে গিয়েছেন। এই ধরনের পোস্ট খুবই দুর্ভাগ্যজনক, তাও আমার দলের এমন এক সিনিয়র নেতার থেকে।’







