কুড়ি আসনে প্রার্থীদের নাম ঘোষণার পরবর্তীতে থেমে গিয়েছে বিজেপি। বিভিন্ন আসনে একাধিক নাম দিয়েছে রাজ্য বিজেপি নেতারা। শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারদের আলাদা পছন্দের প্রার্থীদের নাম নেওয়া হয়েছে বিভিন্ন কেন্দ্রে। এবার তা থেকে একজনকে চূড়ান্ত করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে কেন্দ্রীয় নেতাদের।
উল্লেখ্য, বিজেপির প্রার্থী হিসেবে উঠে এসেছে বহু নাম। এর মধ্যে রয়েছেন প্রবীর দাস, সচিন প্রসাদ, অশোক লাহিড়িরা। তাঁদের মধ্যে সচিন প্রসাদ পেশায় একজন চিকিৎসক। তিনি বিধানসভা নির্বাচনে চাকুলিয়া থেকে গেরুয়া শিবিরের প্রার্থী হয়েছিলেন।
অপরদিকে, ঘোষণা না হওয়া আসন প্রসঙ্গে জল্পনা তুঙ্গে। বিজেপির দ্বিতীয় তালিকায় মেদিনীপুর আসনে দিলীপ ঘোষের নাম থাকছে আদৌ? উঠছে একাধিক প্রশ্ন। প্রসঙ্গত, প্রায় গত সপ্তাহ পর্যন্ত মেদিনীপুরে নিজের কেন্দ্রে টানা কর্মসূচি করছিলেন সাংসদ। তবে গত ১৫ মার্চ থেকে আর মেদিনীপুরের দিকে যাচ্ছেন না দিলীপ। দলীয় অভ্যন্তরেই জল্পনা উঠছে যে, এইবারে মেদিনীপুরে তাঁকে প্রার্থী করা হচ্ছে না। তৃণমূল প্রার্থী জুন মালিয়ার বিরুদ্ধে প্রাক্তন আইপিএস ভারতী ঘোষকে দাঁড় করানোর সম্ভাবনা বর্তমান।







