দেশ

বঙ্গোপসাগরে ভয়াবহ বিপদ! পারাদ্বীপের কাছে ডুবে গেল পণ্যবাহী জাহাজ, নিখোঁজ ২৪ নাবিক

নিজস্ব সংবাদদাতা: বঙ্গোপসাগরে বড়সড় বিপদের খবর। ওড়িশার পারাদ্বীপ উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে একটি পণ্যবাহী জাহাজ ডুবে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জাহাজটিতে মোট ২৪ জন নাবিক ছিলেন বলে জানা গিয়েছে। তাঁদের সন্ধানে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু করেছে ভারতীয় নৌবাহিনী ও উপকূলরক্ষী বাহিনী।

জানা গিয়েছে, পানামার পতাকাবাহী ওই জাহাজটি শুক্রবার ওড়িশা উপকূল থেকে লোহার আকরিক নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই বঙ্গোপসাগরে ঘটে বিপর্যয়। দুর্ঘটনাস্থল পারাদ্বীপ থেকে প্রায় ৪৪৪ কিলোমিটার দূরে বলে জানা গিয়েছে।

জাহাজে থাকা নাবিকদের অধিকাংশই চিনের নাগরিক বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত কতজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, সেই বিষয়ে নিশ্চিত তথ্য মেলেনি। উদ্ধারকারী সংস্থাগুলির তরফেও বিস্তারিত কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

ঘটনার খবর পাওয়ার পর দ্রুত তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু হয়েছে। সমুদ্রপথে যাতায়াতকারী আশপাশের অন্যান্য জাহাজগুলিকেও সতর্ক করা হয়েছে। উদ্ধারকাজে সহযোগিতা করার জন্য তাদের কাছেও আবেদন জানিয়েছে ভারতীয় নৌবাহিনী।

এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন—জাহাজে থাকা ২৪ নাবিকের কী পরিণতি হয়েছে? তাঁদের উদ্ধারে বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকায় জোরদার তল্লাশি চালানো হচ্ছে। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত কারণ এবং হতাহতের সংখ্যা স্পষ্ট হবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.