রাজনীতিরাজ্য

‘পুলিস শ্রমিককে হেনস্থা করলে ছেড়ে কথা বলব না’ সাফ হুঁশিয়ারি কুণালের

‘কারও প্ররোচনায় পুুলিস যদি কোনও শ্রমিককে ডেকে হেনস্থা করে, তাহলে ছেড়ে কথা বলব না।’ এবার রাজ্য পুলিসকে কড়া হুঁশিয়ারি দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। হলদিয়া ইন্দরামা কারখানার সামনে আইএনটিটিইউসি-র ডাকে জনসভা হয় গতকাল অর্থাৎ বৃহস্পতিবার। হেনস্থা মানা হবে না, পুলিস যদি কোনও শ্রমিককে থানায় ডাকে তবে সেক্ষেত্রে সশরীরে উপস্থিত থাকবেন তিনি, প্রকাশ্যে একথাই জানালেন কুণাল।

হুঁশিয়ারি যখন দেন, সেসময় সেখানে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আইএনটিটিইউসি তমলুক সাংগঠনিক সভাপতি শিবনাথ সরকার, তৃণমূল কংগ্রেসের হলদিয়া ব্লক সভাপতি স্বপন নস্কর–সহ অন্যান্যরা। শিল্পশহরে শ্রমিকদের পুলিস হেনস্থা করছে বলে অভিযোগ ওঠে। আর সেই বিষয়ে বলতে গিয়েই পুলিসকে হুঁশিয়ারি দেন কুণাল ঘোষ।

অন্যদিকে, বৃহস্পতিবার আদালতে যাওয়ার সময় পার্থ চট্টোপাধ্যায় তাঁর দলীয় সহকর্মীদের উদ্দেশে নতুন বছরের শুভেচ্ছা জানান। সেই প্রসঙ্গে কুণাল-উবাচ, ‘আমি যখন জেলে ছিলাম তখন এই পার্থদা বলেছিল মাথা খারাপ হয়ে গিয়েছে। আমি পার্থদাকে বলব আয়নায় নিজের মুখটি দেখতে।’ আবার বিজেপি অভিযোগ তোলে, তাদের সভা করার অনুমতি দিচ্ছে না পুলিস। সেই বিষয়ে কুণালের পালটা মন্তব্য, ‘অনুমতি দেওয়া না দেওয়াটা পুলিসের বিষয়। ওই নিয়ে আমি কিছু বলব না। তবে বিজেপি যদি রাজনৈতিক কথা বলে, তাহলে বলব তোমরা সিআরপিসি, আইপিসির যে ধারাগুলি ত্রিপুরায় দেখিয়েছো, সেগুলি যদি বাংলায় দেখ তখন কেমন লাগবে!’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.