রাজ্য

যত্রতত্র গাড়ি রাখলেই জরিমানা, পার্কিং নিয়ে ফের কড়া বার্তা অগ্নিমিত্রার

ক্ষমতায় আসার পর থেকেই শহর ও পুর এলাকায় বেআইনি পার্কিং বন্ধ করতে সক্রিয় পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। নির্দিষ্ট পার্কিং জোন ছাড়া যেখানে-সেখানে গাড়ি বা বাইক রাখলে জরিমানা করা হবে বলে আগেই জানিয়েছিলেন তিনি। এবার ফের একবার গাড়ির মালিকদের সতর্ক করলেন রাজ্যের মন্ত্রী। সরকারি ভাবে নির্ধারিত পার্কিংয়ের জায়গা ছাড়া অন্যত্র গাড়ি রাখলে কড়া পদক্ষেপ করা হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন অগ্নিমিত্রা।

এ প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল বলেন, “যেখানে-সেখানে পার্কিং করবেন না। আমরা বৈঠক করে কোথায় কোথায় পার্কিংয়ের ব্যবস্থা করা যায়, তা নিয়ে আলোচনা করেছি। খুব শীঘ্রই একটি অ্যাপ চালু করা হবে। সেই অ্যাপ চালু হলে সাধারণ মানুষের অনেক সুবিধা হবে।”

অ্যাপটি কী ভাবে কাজ করবে, তারও ব্যাখ্যা দিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, “অনেকে প্রশ্ন করছেন, কোথায় পার্কিং রয়েছে সেটা কী ভাবে জানা যাবে? তার জন্য আর ঘুরে ঘুরে জায়গা খুঁজতে হবে না। ধরুন, আপনি এসপ্ল্যানেড যাচ্ছেন। অ্যাপটি খুললেই আশপাশে কোথায় কোথায় পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, তা দেখে নিতে পারবেন।”

অগ্নিমিত্রার আবেদন, বেআইনি ভাবে গাড়ি পার্কিং না করার জন্য। তিনি বলেন, “খুব দ্রুতই আমরা এই অ্যাপ নিয়ে আসছি। তবে সকলের কাছে হাতজোড় করে অনুরোধ, বেআইনি ভাবে গাড়ি পার্কিং করবেন না।”

উল্লেখ্য, গত শনিবার নবান্নে পার্কিং ব্যবস্থা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন অগ্নিমিত্রা পাল। কোন পুর এলাকায় কতগুলি জায়গায় সরকারি ভাবে পার্কিংয়ের ব্যবস্থা করা হবে, সেই বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা হয়। পাশাপাশি কোন কোন এলাকায় গাড়ির চাপ বেশি, সেই জায়গাগুলিও চিহ্নিত করা হয়েছে। প্রশাসনের তরফে নির্ধারিত পার্কিং জোনের বাইরে গাড়ি বা মোটরবাইক রাখলে জরিমানার পাশাপাশি কড়া ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.