রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তারই মাঝে এবার ভুয়ো রেশন কার্ড নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় পূর্বতন বাম সরকার।
রেশন বণ্টন দুর্নীতিকাণ্ডে বর্তমানে ইডির হেফাজতে রয়েছেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক চলছে জিজ্ঞাসাবাদ।
এরই মাঝে বিস্ফোরক মন্তব্য করলেন বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তিনি আজ বৃহস্পতিবার শিলিগুড়িতে বলেন, “কেলেঙ্কারি নিয়ে আলোচনা করার সময় নয় এখন।”
এদিকে বুধবার এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “আমার যখন ক্ষমতায় এসেছিলাম, সত্যিটাকে স্বীকার করতে হবে, ১ কোটি ভুয়ো রেশন কার্ড ছিল। বামফ্রন্ট আমলের যাঁরা বড়বড় কথা বলছেন…, সেই ১ কোটি ভুয়ো রেশন কার্ড থাকা মানে, সেই রেশনটা তাঁরা তুলতেন। সেটা কোথায় যেত? তার টাকাটা? আজ পর্যন্ত কোনও কোয়্যারি হয়েছে? এই কাজটা করতে গিয়ে আমাদের ৭-৮ বছর লেগেছে। ১ কোটি ভুয়ো রেশন কার্ড আমার বাতিল করেছি। অনেক দালাল মানুষের রেশন নিয়ে বাইরে বিক্রি করে দিত। তাদের বিরুদ্ধে আমারই কেস করেছি। গ্রেফতার করা হয়েছে, চার্জশিট দেওয়া হয়েছে।”







