রাজ্য

SSC নিয়ে নতুন বিজ্ঞপ্তি নিয়ে হস্তক্ষেপে নারাজ সুপ্রিম কোর্ট, জানাল সবাইকে বয়সে ছাড় নয়

২০১৬ সালের SSC নিয়োগের পরবর্তী অধ্যায় নিয়ে জটিলতা এখনও কাটেনি। নিয়োগ বাতিলের পর SSC নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলেও, তাতে একাধিক শর্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন চাকরিপ্রার্থীদের একাংশ। সেই বিরোধিতার রেশ গিয়ে পৌঁছায় কলকাতা হাই কোর্টে। যদিও সেখান থেকে হতাশ হতে হয় আবেদনকারীদের। কারণ, হাই কোর্ট জানিয়ে দেয়, SSC -র নতুন বিজ্ঞপ্তিতে আদালত হস্তক্ষেপ করবে না।

এই রায়ের বিরুদ্ধেই এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন চাকরিপ্রার্থীরা। শুক্রবার সেই আবেদনের শুনানিতে দেশের শীর্ষ আদালত জানিয়ে দেয় বয়সের ক্ষেত্রে ছাড় সকলের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ বলেন, বয়স সংক্রান্ত নিয়মের ক্ষেত্রে ব্যতিক্রম কেবলমাত্র ‘বিশেষ মানবিক’ পরিস্থিতিতেই প্রযোজ্য হতে পারে।

আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, ২০১৬ সালের পুরনো নিয়োগের বিজ্ঞপ্তির ভিত্তিতে নয়, বর্তমান প্রক্রিয়া অনুযায়ীই নিয়োগ হবে। আবেদনকারীরা যে যুক্তি দিয়েছিলেন ২০১৬ সালের বিজ্ঞপ্তি অনুযায়ীই নিয়োগ হওয়া উচিত, তা গ্রহণ করেনি আদালত।

তবে আদালত স্পষ্ট করেছে, সোমা রায়ের মতো ব্যতিক্রমী ক্ষেত্রগুলোতে বিশেষ বিবেচনা হতে পারে। উল্লেখ্য, ক্যানসার আক্রান্ত সোমা রায় ছিলেন একমাত্র ব্যতিক্রম যাঁর চাকরি বাতিল হয়নি। আগে হাই কোর্টে মামলার শুনানিতে তাঁর শারীরিক অবস্থা উঠে আসায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্য সরকারকে অনুরোধ করেছিলেন তাঁকে চাকরির সুযোগ দিতে। সেই ভিত্তিতে ২০২২ সালে তাঁকে নিয়োগপত্র দেয় কমিশন।

বর্তমানে তিনি মধুরা হাই স্কুলে বাংলার শিক্ষিকা হিসাবে কর্মরত। সব মিলিয়ে, সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে SSC নতুন বিজ্ঞপ্তির শর্তে পরিবর্তনের প্রয়োজন নেই। দ্রুত শূন্যপদ পূরণ করাই এখন মূল লক্ষ্য হওয়া উচিত, যাতে প্রশাসনিক কাজ আরও সহজ হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.