কোল্ড ড্রিঙ্কসের বাজারে ক্যাম্পা কোলা দিয়ে চমক দেখানোর পর এবার আইসক্রিমের দুনিয়ায় পা রাখছে মুকেশ অম্বানীর রিলায়েন্স। নতুন আইসক্রিম ব্র্যান্ড ‘বম্বে ক্রিমারি’ (Bombay Creamery) নিয়ে বাজারে নামার প্রস্তুতি চলছে। আর সবচেয়ে বড় চমক, এই ব্র্যান্ডের আইসক্রিমের দাম শুরু হচ্ছে মাত্র ১০ টাকা থেকে।
অম্বানীদের নতুন এই উদ্যোগ সামনে আসতেই প্রশ্ন উঠছে—বড় সংস্থার ব্র্যান্ড হলে দাম কি আকাশছোঁয়া হবে? কিন্তু প্রস্তাবিত দামের হিসাব বলছে সম্পূর্ণ উল্টো কথা। কাপ, কোন কিংবা স্টিক—বিভিন্ন ধরনের আইসক্রিমই ১০ টাকা থেকে পাওয়ার পরিকল্পনা রয়েছে।
ক্যাম্পার ‘সফল ফর্মুলা’ এবার আইসক্রিমে?
রিলায়েন্সের কম দামে বড় বাজার ধরার কৌশল নতুন নয়। সস্তায় জিও পরিষেবা থেকে শুরু করে ১০ টাকার ক্যাম্পা কোলা—মূল্যকে হাতিয়ার করে সাধারণ গ্রাহকের কাছে পৌঁছনোর কৌশল ইতিমধ্যেই নজর কেড়েছে। এবার সেই একই ধরনের কৌশল আইসক্রিমের বাজারেও কাজে লাগানোর পরিকল্পনা বলে জানা যাচ্ছে।
আমুল-ভাদিলালদের সঙ্গে লড়াই
ভারতের আইসক্রিমের বাজারে ইতিমধ্যেই শক্তিশালী উপস্থিতি রয়েছে আমুল, কোয়ালিটি ওয়ালস, ভাদিলাল, মাদার ডেয়ারি, অরুণ এবং বাস্কিন রবিনসের মতো ব্র্যান্ডের। সেই বাজারেই মাত্র ১০ টাকা থেকে পণ্য দিয়ে প্রবেশ করতে চাইছে বম্বে ক্রিমারি।
অনলাইন বাজারে বর্তমানে কম দামের কিছু আইসক্রিমের দাম প্রায় ২০ টাকা থেকে শুরু। ফলে ১০ টাকা থেকে আইসক্রিম বাজারে এলে দামের দিক থেকে নতুন ব্র্যান্ডটি যথেষ্ট প্রতিযোগিতামূলক হয়ে উঠতে পারে।
প্রথমে পশ্চিম ভারত, তারপর গোটা দেশ
জানা যাচ্ছে, দেশজুড়ে বড় আকারে লঞ্চের আগে পশ্চিম ভারতে বম্বে ক্রিমারির আত্মপ্রকাশ হতে পারে। পরবর্তী সময়ে ধাপে ধাপে দেশের অন্যান্য প্রান্তেও ব্র্যান্ডটি পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
শুধু কম দাম নয়, বিক্রির পরিকাঠামো তৈরিতেও জোর দেওয়া হচ্ছে। আইসক্রিম বিক্রেতাদের জন্য ব্র্যান্ডের লোগো দেওয়া ফ্রিজার ব্যবহারের ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গিয়েছে। রিলায়েন্স ইতিমধ্যেই ক্যাম্পা-লোগোযুক্ত ফ্রিজার সরবরাহ শুরু করেছে বলেও দাবি করা হয়েছে।
সব মিলিয়ে ১০ টাকার আইসক্রিম নিয়ে রিলায়েন্স সত্যিই বাজারে বড়সড় ঝড় তুলতে পারে কি না, এখন সেদিকেই নজর ব্যবসায়ী মহলের। দাম যদি সাধারণ ক্রেতার নাগালের মধ্যেই থাকে, তাহলে আমুল-সহ প্রতিষ্ঠিত ব্র্যান্ডগুলির সামনে নতুন প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসতে পারে বম্বে ক্রিমারি।







