রাজনীতি

২০ ‘বিদ্রোহী’ সাংসদকে জবাব দেওয়ার বাড়তি সময়, ২২ সেপ্টেম্বর পর্যন্ত ছাড় স্পিকারের

নয়াদিল্লি: তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি করে নতুন রাজনৈতিক পরিচয়ের দাবি করা ২০ সাংসদের বিরুদ্ধে সাংসদপদ খারিজের আবেদনের জবাব দিতে আরও সময় মিলল। লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে অতিরিক্ত তিন সপ্তাহ সময় চেয়েছিলেন ওই সাংসদেরা। সেই আবেদন মেনে নিয়েছে লোকসভা সচিবালয়। ফলে ২২ সেপ্টেম্বর পর্যন্ত তাঁদের বক্তব্য জানানোর সুযোগ থাকছে।

এর আগে ২৬ অগস্ট ওই ২০ সাংসদকে নোটিস পাঠিয়ে তাঁদের বক্তব্য জানতে চেয়েছিল লোকসভা সচিবালয়। প্রাথমিক ভাবে এক সপ্তাহের সময় দেওয়া হয়েছিল। সেই সময়সীমা শেষ হওয়ার পর সুদীপ বন্দ্যোপাধ্যায়-সহ সংশ্লিষ্ট সাংসদেরা আরও ২১ দিন সময় চেয়ে আবেদন করেন। বৃহস্পতিবার সেই আবেদন মঞ্জুর হওয়ার বিষয়টি সামনে আসে।

মথুরাপুরের সাংসদ বাপি হালদারের বক্তব্য অনুযায়ী, ২১ দিনের সময় চেয়ে তাঁরা আবেদন করেছিলেন এবং লোকসভা সচিবালয় সেই আবেদন গ্রহণ করেছে। যদিও সাংসদদের একাংশের ক্ষেত্রে ১৪ দিনের মধ্যে জবাব দেওয়ার কথাও ছিল বলে সূত্রের দাবি। শেষ পর্যন্ত সকলের জন্য তিন সপ্তাহের সময়ই কার্যকর হয়েছে।

‘তৃণমূল’ পরিচয় নিয়েই মূল বিতর্ক

এই ২০ সাংসদের রাজনৈতিক অবস্থান নিয়েই মূল বিরোধ। অভিযোগ, তাঁরা তৃণমূল ছেড়ে ‘ন্যাশনালিস্ট সিটিজ়েন্‌স পার্টি অফ ইন্ডিয়া’ বা এনসিপিআই-তে যোগ দিয়েছেন এবং এনডিএ-র বিভিন্ন বৈঠকেও অংশ নিচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে তাঁর বাসভবনে আয়োজিত বৈঠকেও তাঁদের উপস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

অন্যদিকে, লোকসভার নথিতে এখনও তাঁদের তৃণমূল সাংসদ হিসাবেই দেখানো হচ্ছে। এই পরিস্থিতিতে দলত্যাগ-বিরোধী আইনের আওতায় তাঁদের সাংসদপদ খারিজের আবেদন করেছেন লোকসভায় তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।

স্পিকারের সিদ্ধান্তের অপেক্ষায় সুপ্রিম কোর্টও

স্পিকারের কাছে আবেদনের দ্রুত নিষ্পত্তির দাবিতে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক। তাঁর অভিযোগ, স্পিকারের তরফে সিদ্ধান্ত জানাতে দেরি হচ্ছে। এই মামলায় শীর্ষ আদালতও সংশ্লিষ্ট ২০ সাংসদের বক্তব্য জানতে চেয়েছে।

গত ২৫ অগস্ট প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে মামলাটির শুনানি হয়। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে ফের মামলাটি শুনানির কথা রয়েছে। তার আগেই ২০ সাংসদকে নিজেদের অবস্থান জানানোর জন্য ২২ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়ায় বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এখন নজর—নির্ধারিত সময়ের মধ্যে ওই ২০ সাংসদ কী জবাব দেন এবং তাঁদের রাজনৈতিক অবস্থান ও সাংসদপদ নিয়ে স্পিকার শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.